ছবি: সংগৃহীত
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য লেনদেন প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশে পড়াশোনার খরচ মেটাতে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো এখন থেকে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য ডেবিট, প্রিপেইড বা ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে। বিশেষ করে বিদেশি বিশ্ববিদ্যালয় ও অনলাইন ভর্তি প্ল্যাটফর্মগুলোতে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধের ক্রমবর্ধমান চাহিদাকে বিবেচনায় রেখেই কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে যে, শিক্ষা-সংক্রান্ত এই লেনদেনগুলো সম্পূর্ণ আলাদা হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ, শিক্ষার্থীদের এই ব্যয় বিদ্যমান বাৎসরিক ভ্রমণ কোটা বা অন্যান্য সাধারণ বৈদেশিক মুদ্রা সুবিধার আওতাভুক্ত হবে না। ফলে ভ্রমণ কোটার ডলার খরচ না করেই শিক্ষার্থীরা তাদের পড়াশোনার খরচ পাঠাতে পারবেন।
নীতিমালা অনুযায়ী, এই কার্ডটি শিক্ষার্থী নিজে অথবা তার শিক্ষার ব্যয় বহনকারী অভিভাবকের নামে ইস্যু করা যাবে। তবে ব্যাংকগুলোকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে, এই কার্ডের মাধ্যমে কেবল অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত ফি পরিশোধ করা হচ্ছে। এ ক্ষেত্রে এডি ব্যাংকগুলোকে সকল প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ এবং নির্দিষ্ট 'পারপাস কোড' ব্যবহার করে সময়মতো কেন্দ্রীয় ব্যাংকের কাছে লেনদেনের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে বিদেশে উচ্চশিক্ষার পথ আগের চেয়ে অনেক বেশি মসৃণ ও স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।
