https://www.emjanews.com/

17813

weather

প্রকাশিত

১৫ আগস্ট ২০২৬ ১৯:৫৩

আবহাওয়া

সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস

বুধবার উত্তর-পূর্বাঞ্চলে বাড়তে পারে বৃষ্টির আধিক্য

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ ১৯:৫৩

ছবি: সংগৃহীত

সিলেটসহ সারাদেশে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

শনিবার (১৫ আগস্ট) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে আগামী পাঁচ দিনের এ পূর্বাভাস দেওয়া হয়।

পূর্বাভাস অনুযায়ী, রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত সিলেটসহ দেশের আটটি বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার ও মঙ্গলবারও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। এ দুই দিনে সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির তীব্রতা তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সপ্তাহের মাঝামাঝি বুধবার (১৯ আগস্ট) সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির আধিক্য দেখা দিতে পারে। এদিন ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চলের রংপুর বিভাগেও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে আগামী পাঁচ দিন কম-বেশি সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।