ছবি: সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক শাহ মো. আতিকুল হক ব্যক্তিগত ও নীতিগত কারণ দেখিয়ে পদ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। সোমবার (১৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে তার নিয়োগের প্রজ্ঞাপন জারির পর এক ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
অধ্যাপক আতিকুল হক তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমি কোষাধ্যক্ষ হিসেবে এখনো যোগ দিইনি এবং যোগ দেওয়ার কোনো ইচ্ছাও আমার নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি আমার সিদ্ধান্তের কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি।’
তিনি আরও উল্লেখ করেন যে, নানা জটিলতা ও মানসিক দ্বন্দ্বের মধ্য দিয়ে যাওয়ার চেয়ে শিক্ষকতা পেশায় থাকতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। ২০০৬ সালে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করা এই শিক্ষক তার বর্তমান অবস্থানে থেকেই বিশ্ববিদ্যালয়কে সেবা দিয়ে যেতে চান।
ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়ে দৃঢ় অবস্থান ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি এই পদ চাই না। জোর করে কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়া যায় না। আমি আমার শিক্ষকতা জীবন নিয়েই সন্তুষ্ট।’ তিনি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় উপাচার্য ও শিক্ষা মন্ত্রণালয়ে ইমেইল ও চিঠির মাধ্যমে তার অনাগ্রহের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবগত করেছেন।
উল্লেখ্য, সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শাবিপ্রবির প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের রদবদল আনে। এতে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ মো. আতিকুল হককে কোষাধ্যক্ষ এবং ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জি এম রবিউল ইসলামকে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়।
একইসাথে তৎকালীন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
