ছবি: ইমজা নিউজ
সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকায় হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) ওয়াকফ এস্টেট মাজার ও মসজিদের দানবাক্সের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে মোগলাবাজার থানার ওসিসহ সাত পুলিশ সদস্য এবং দুই পক্ষের অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে সিলামের চকের বাজার হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) জামে মসজিদ ও ঈদগাহের সামনে এ সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মসজিদের ক্যাশ বাক্সের টাকা নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে উভয় পক্ষ ইটপাটকেল ও বিভিন্ন দেশীয় উপকরণ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশ সদস্যরাও হামলা-পাল্টাহামলার মধ্যে পড়েন। এতে মোগলাবাজার থানার ওসি মো. মনির হোসেনসহ সাত পুলিশ সদস্য আহত হন। এছাড়া দুই পক্ষের আরও ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আহতদের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ, স্থানীয় নেতৃবৃন্দ ও মুরব্বিদের হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষের কারণে চন্ডিপুল-বালাগঞ্জ সড়কে কিছু সময় যান চলাচলও বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়।
স্থানীয়রা জানান, হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ওয়াকফ এস্টেট পরিচালনা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি ওয়াকফ এস্টেট পরিচালনা, কমিটি গঠন ও দায়িত্ব পালনের বিষয়েও আইনি প্রক্রিয়া চলছিল। এরই ধারাবাহিকতায় দানবাক্সের টাকা নিয়ে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়।
এদিকে সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
