ছবি: মো. উজ্জ্বল হোসেন।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাসচাপায় জামালগঞ্জের স্বেচ্ছাসেবী ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা ও মানবিক কর্মী মো. উজ্জ্বল হোসেন (২৫) নিহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) সকাল ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জ উপজেলার ডাবরস্থ সিচনী পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল হোসেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের মো. আতাউর রহমানের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, উজ্জ্বল হোসেন ছিলেন জামালগঞ্জের একটি স্বেচ্ছাসেবী ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা। দীর্ঘদিন ধরে তিনি মুমূর্ষু রোগীদের জন্য রক্ত সংগ্রহ, জরুরি রক্তদাতা খুঁজে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তার অকাল মৃত্যুতে সামাজিক ও স্বেচ্ছাসেবী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের বড় বোন শামীমা আক্তার জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি সিলেট থেকে শান্তিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। নয় ভাই-বোনের মধ্যে উজ্জ্বল ছিলেন তৃতীয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল্লাহ বলেন, সকাল ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে। স্বজনরা এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
