সিলেট মহানগরীর মোগলাবাজার এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় নাসিরুদ্দিন বিড়ি জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় একটি ভ্যান গাড়িও আটক করা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট ২০২৬) বিকাল সাড়ে ৪টার দিকে মোগলাবাজার থানার চাউলহাট এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, হারুন মিয়ার দোকানের সামনে থাকা একটি ভ্যান ও দোকানের ভেতরে তল্লাশি চালিয়ে প্রথমে ৫ কার্টুন ভারতীয় তৈরি নাসিরুদ্দিন বিড়ি জব্দ করা হয়। পরে একই থানার জাহানপুর (দক্ষিণ বাড়ি) এলাকায় হারুন মিয়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে আরও ২২ কার্টুন বিড়ি উদ্ধার করা হয়।
দুই দফা অভিযানে সর্বমোট ২৭ কার্টুন ভারতীয় নাসিরুদ্দিন বিড়ি জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ১০ হাজার টাকা।
এ ঘটনায় মোগলাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
