শিরোনাম
কথিত তৌহিদী জনতার বাধা উপেক্ষা করে বিয়ানীবাজারে নৌকাবাইচ অনুষ্ঠিত নেত্রকোণায় মাদরাসা ছাত্রী ধর্ষণ: শিক্ষকসহ দুজনের বিরুদ্ধে চার্জশিট ৬৪ জেলার আইনশৃঙ্খলার দায়িত্বে ৩০ জন: সিলেটের চার জেলায় কে কোথায়? নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৩৩২, বাড়ছে নিখোঁজের তালিকাও নেপালের বন্যার পানি গঙ্গা হয়ে আসছে বাংলাদেশে টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে লাফ দিয়ে পর্যটকের মৃত্যু সিলেটে উদ্ধার হওয়া লা/শটি কার? জানা যায়নি ২৪ ঘণ্টাতেও সিলেটে এসএমপির অভিযানে ২৯ জন গ্রে/ফতার, বিপুল মালামাল জব্দ সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু বরফধস ও রাবিশে তৈরি কৃত্রিম লেক বিস্ফোরণ, নেপালে শতাধিক প্রাণহানি

https://www.emjanews.com/

18144

sylhet

প্রকাশিত

২৮ আগস্ট ২০২৬ ১৫:২৮

আপডেট

২৮ আগস্ট ২০২৬ ১৫:২৯

সিলেট

মৌলভীবাজারে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, গ্রেপ্তার ৫

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ ১৫:২৮

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন এনসিপির জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে কুলাউড়া শহরের উত্তর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গ্রেপ্তার অন্য চারজন হলেন, এনসিপি নেতা তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দলীয় আধিপত্য বিস্তার এবং দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতবিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। পরে বাগবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়রা হামলাকারীদের মধ্যে পাঁচজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ঘটনায় আহত এনসিপি নেতা ও জেলা কমিটির সাবেক যুগ্ম সম্পাদক তামিম আহমদ বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এহসান জাকারিয়াকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী তামিম আহমদের অভিযোগ, এনসিপির বিভিন্ন কমিটিতে পদ দেওয়ার কথা বলে এহসান জাকারিয়াসহ আসামিরা তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে মৌলভীবাজার থেকে বড়লেখা যাওয়ার পথে কুলাউড়ার উত্তর বাজার এলাকায় তাঁদের ওপর হামলা চালানো হয়।

পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, জেলা কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদসহ কয়েকজন নেতা মৌলভীবাজার সদর থেকে বড়লেখার দিকে যাচ্ছিলেন। কুলাউড়া উত্তর বাজারের রেলক্রসিংয়ের কাছে একটি হোটেলের সামনে পৌঁছালে তাঁদের গাড়ির গতিরোধ করা হয়। এ সময় জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়ার নেতৃত্বে একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

হামলায় তামিম আহমদ, সাফওয়ানসহ অন্তত আটজন আহত হন। পরে স্থানীয়রা হামলাকারীদের মধ্যে পাঁচজনকে আটক করে কুলাউড়া থানা পুলিশের কাছে তুলে দেন।

তবে এনসিপির মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক খালেদ আহমদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, দলের এক কেন্দ্রীয় নেতা ঢাকা থেকে কুলাউড়ায় তাঁর শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। তাঁকে বিদায় জানাতে এহসান জাকারিয়াসহ বেশ কয়েকজন নেতাকর্মী কুলাউড়ায় যান। কয়েকজন নেতা উত্তর বাজারের রেলক্রসিং এলাকার একটি হোটেলে খাওয়া শেষে বের হওয়ার সময় পদবঞ্চিত তামিম আহমদসহ একটি গ্রুপ পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় জেলা কমিটির যুগ্ম আহ্বায়কসহ পাঁচ নেতা আহত হন এবং তাঁদের জিম্মি অবস্থায় পুলিশের কাছে তুলে দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

খালেদ আহমদ আরও দাবি করেন, এর আগে এই চক্র কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে মৌলভীবাজারে হামলা করেছিল। পরে অপহরণের নাটক সাজিয়ে মূল ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়। এবারও জেলা কমিটির যুগ্ম আহ্বায়কসহ অন্যদের ওপর হামলার পর পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। এসব অভিযোগ মিথ্যা দাবি করে তিনি বলেন, পুলিশ তাঁদের মামলা নেয়নি। তাঁরা আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

অন্যদিকে, তামিম আহমদ বলেন, এহসান জাকারিয়া এনসিপির এক কেন্দ্রীয় নেতার ‘সোর্স’ হিসেবে বিভিন্ন কমিটিতে পদ-পদবি দেওয়ার কথা বলে টাকা আদায় করতেন। একইভাবে তাঁরসহ কয়েকজনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কমিটিতে পদ দেওয়ার নিশ্চয়তা দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে মৌলভীবাজারের কয়েকজন শুভাকাঙ্ক্ষী তাঁকে বড়লেখায় পৌঁছে দিতে কুলাউড়ায় এলে তাঁদের ওপর হামলা চালানো হয়।

তামিম আহমদ বলেন, এ ঘটনায় কুলাউড়া থানায় মামলা হয়েছে। পুলিশের তদন্তে এহসান জাকারিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা বেরিয়ে আসবে বলে তিনি দাবি করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, এনসিপির দুই গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ঘটনায় মামলা হয়েছে। মামলায় নাম উল্লেখ করা ১০ আসামির মধ্যে পাঁচজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। শুক্রবার দুপুরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে মৌলভীবাজার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।