ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে পরাজয়ের পর হৃদরোগে আক্রান্ত হয়ে তেরা মিয়া (৭০) নামে এক প্রার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তেরা মিয়া পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামের বাসিন্দা এবং শহীদনগর বাজারের প্রবীণ ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তেরা মিয়া। ওই রাতে ফলাফল জানার পর থেকেই তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন।
রোববার সকাল ৮টার দিকে বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় তাঁর বুকে ব্যথা বেড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালে ভর্তি করার পরই তাঁর মৃত্যু হয়।
তেরো মিয়ার নাতি ইসলাম মিয়া বলেন, ‘রোববার সকালে তিনি বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। পরে আমরা তাঁকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বেডে নেওয়ার পর তিনি মারা যান। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি হার্ট অ্যাটাক করেছিলেন।’
স্থানীয়রা জানান, তেরা মিয়া দীর্ঘদিন ধরে শহীদনগর বাজারে ব্যবসা করতেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
