ভারত থেকে ফেরার পথে সিলেটে তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষ/ণ, গ্রে/ফতা/র ১
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২৫
ছবি: সংগৃহীত
সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার পথে এক তরুণীকে ১০ দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযান চালিয়ে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত যুবকের নাম নাঈম উদ্দিন (২২)। সে উপজেলার লক্ষ্মীপ্রসাদপূর্ব ইউনিয়নের দনা পাত্তিছড়া গ্রামের আবদুর রহমান ডালুর ছেলে।
ছবি: গ্রেফতার নাঈম উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর জেলার বাসিন্দা ওই তরুণী প্রায় ৯ মাস আগে সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে তিনি হায়দ্রাবাদে কাপড়ের ব্যবসা করতেন।
গত ২০ আগস্ট জাহাঙ্গীর নামে এক আত্মীয়ের সহযোগিতায় তিনি বাংলাদেশে ফেরার চেষ্টা করলে বিএসএফের হাতে আটক হন। মানবিক কারণে বিএসএফ তাকে কারাগারে না পাঠিয়ে কানাইঘাটের দনা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। সীমান্ত অতিক্রমের পর স্থানীয় শানুর আহমদ, নাঈম উদ্দিন ও কাওছারসহ ছয় যুবক তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে। পরে শানুরের বাড়িতে আটকে রেখে টানা ১০ দিন তারা তরুণীটিকে পাশবিক নির্যাতন ও সংঘবদ্ধ ধর্ষণ করে।
পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিনের সহায়তায় ওই তরুণী বন্দিদশা থেকে মুক্ত হন এবং বুধবার কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার দুই নম্বর আসামি নাঈম উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী তরুণীকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার অন্য আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
