পরীক্ষা না করে মেডিকেল সনদ: সিলেটের হিলভিউ মেডিকেল সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৩
ছবি: ইমজা নিউজ
টাকার বিনিময়ে কোনো পরীক্ষা বা রক্তের নমুনা না নিয়েই ভুয়া মেডিকেল ফিটনেস সনদ প্রদানসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সিলেটের হিলভিউ মেডিকেল সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নগরের আম্বরখানা-এয়ারপোর্ট রোডে অবস্থিত হিলভিউ মেডিকেল সেন্টারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া।
অভিযানকালে বিদেশযাত্রীদের সঙ্গে প্রতারণাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া জানান, অনলাইনে অভিযোগ পাওয়ার পর হিলভিউ মেডিকেল সেন্টারে তদন্ত চালানো হয়। অভিযোগ ছিল, বিদেশগামী যাত্রীদের মেডিকেল পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ৮ হাজার ৫০০ টাকার পরিবর্তে ১২ হাজার ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্তে গিয়ে আমরা বেশ কিছু গুরুতর অনিয়ম দেখতে পাই। প্রতিষ্ঠানটির কোনো রেজিস্টারও পাওয়া যায়নি। এমনকি কোনো পরীক্ষা না করেই এবং অনেক ক্ষেত্রে রক্তের নমুনা (সেম্পল) সংগ্রহ না করেই বিদেশযাত্রীদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, এসব অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আর করবে না বলে স্বীকারোক্তি দেয়। এ কারণে প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ না করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
