সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে হবিগঞ্জ ও সুনামগঞ্জের বাসিন্দা রয়েছেন। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭০ জনে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
মৃতদের মধ্যে হবিগঞ্জের ৫ মাস বয়সী শিশু রুপায়ন এবং সুনামগঞ্জের ৩ মাস বয়সী অর্পনা রয়েছে। তারা দুজনেই সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬১ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৬৯ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৩৮৫ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৩ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন আক্রান্ত হয়েছেন।
এ পর্যন্ত বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মোট মৃত্যু হয়েছে ১৭০ জনের।
