সিলেটে দুই মাদরাসা ছাত্র নিখোঁজ: মুক্তিপণ দাবি ও মারধরের অভিযোগ
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩০
ছবি: সংগৃহীত
সিলেটের শাহপরাণ থানাধীন খাদিমপাড়া এলাকায় মাদরাসা থেকে নিখোঁজ হওয়া দুই ছাত্রের কোনো হদিস মিলছে না। গত মঙ্গলবার ফজরের নামাজের পর জাবালে নূর হাফিজিয়া মাদরাসা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় তারা।
এদিকে নিখোঁজ হওয়ার পর এক ছাত্রের পরিবারকে ইমোতে মারধরের ভিডিও দেখিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অজ্ঞাতনামা চক্র। এ ঘটনায় সিলেটজুড়ে চাঞ্চল্য ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলো- তামিম আহমেদ (১৫) ও সাঈদ মাসুদ চৌধুরী নাঈম (১৫)। তারা দুজনেই ওই মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।
মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার ভোরে নামাজের সময় তারা কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে যায়। বিষয়টি নজরে আসার পরপরই পরিবারকে জানানো হয়। জানা গেছে, তামিম এর আগেও কয়েকবার মাদরাসা থেকে বাড়ি চলে গিয়েছিল, তবে এবার তারও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ সাঈদের বাবা বেবুল আহমদ জানান, বৃহস্পতিবার সকালে তার ইমো অ্যাকাউন্টে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে টাকা দাবি করা হয়। পরবর্তীতে ভিডিও কলে সাঈদকে হাত-পা বাঁধা অবস্থায় মারধর করার দৃশ্য দেখিয়ে ১ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। মুক্তিপণ না দিলে সন্তানকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে।
অন্যদিকে তামিমের বাবা আবদুস সাত্তার সন্তানের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন।
এ বিষয়ে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ জানান, নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ইতোমধ্যে দেশের সব থানায় ওই দুই ছাত্রের ছবি পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, যে মোবাইল নম্বর থেকে ইমোতে মুক্তিপণ চাওয়া হয়েছে, সেটি দীর্ঘ এক বছর ধরে বন্ধ দেখাচ্ছে। পুলিশ প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজদের উদ্ধার ও জড়িতদের শনাক্ত করার জোর প্রচেষ্টা চালাচ্ছে।
