https://www.emjanews.com/

18828

sylhet

প্রকাশিত

১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২০

সিলেট

চলছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২০

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ গণনা কার্যক্রম শুরু হয়েছে। প্রায় এক মাস পর চতুর্থবারের মতো শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে এ গণনার কাজ চলছে।

মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী। তিনি জানান, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্ধারিত সময়েই গণনার কাজ শুরু হয়েছে এবং প্রক্রিয়া চলছে।

এর আগে তিন দফায় মাজারের দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়। গত ২২ জুন প্রথম দফায় দানবাক্স থেকে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা পাওয়া যায়। পরে জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকার চেক যুক্ত হলে মোট অর্থ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। এর ১৮ দিন পর ১১ জুলাই দ্বিতীয় দফায় দানবাক্স খুলে পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণ-রূপাও পাওয়া যায়। সর্বশেষ ১৫ আগস্ট তৃতীয় দফায় দানবাক্স ও মানতের ডেগ খুলে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়। এ সময় দেশি-বিদেশি মুদ্রার পাশাপাশি সোনা-রূপার অলঙ্কারও পাওয়া যায়।

সে হিসেবে এখন পর্যন্ত মোট ১ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকা পাওয়া গেছে। এসব অর্থ প্রশাসনের তত্ত্বাবধানে মাজার তহবিলে জমা রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিবারের মতো এবারও নির্ধারিত নিয়ম মেনে গণনার কাজ সম্পন্ন শেষে বিস্তারিত হিসাব প্রকাশ করা হবে।