https://www.emjanews.com/

18805

sylhet

প্রকাশিত

১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৪

সিলেট

সুনামগঞ্জে বিস্কুটের প্রলোভনে শিশুকে ধ/র্ষ/ণ, হাসপাতালে ভর্তি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৪

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্বরোচিত এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের রহমতপুর গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। অভিযুক্ত লাকিব মিয়া (১৫) একই গ্রামের আজিজ মিয়ার ছেলে।

শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন আসরের নামাজের পর বাড়ির পাশে খেলা করছিল ওই শিশুটি। এসময় কিশোর লাকিব বিস্কুট দেওয়ার কথা বলে তাকে ফুসলিয়ে পার্শ্ববর্তী একটি খালি ঘরে নিয়ে যায়। সেখানে দরজা বন্ধ করে সে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত লাকিব পালিয়ে যায়।

পরে স্বজনরা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

আক্রান্ত শিশুটির চাচা জানান, প্রচণ্ড রক্তক্ষরণে শিশুটির শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছিল। ঘটনার পর থেকে সে প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে আছে। রাতেই বিষয়টি থানা পুলিশকে অবহিত করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ভুক্তভোগী পরিবারকে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস দিয়েছে। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত লাকিবকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।