সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি: ‘ছাত্রলীগ কর্মী’ আ/টক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫১
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে সিলেটে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে সিলেট কোতোয়ালী থানার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক শিমুল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে আটক করে।
আটক মেহেদী আহমেদ (২১) নগরীর নোয়াগাঁও সাদিপুর এলাকার বাসিন্দা। পুলিশ বলছে তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী। তার বিরুদ্ধে মিছিল করাসহ একাধিক অভিযোগ রয়েছে।
সূত্র জানায়, মেহেদী দীর্ঘদিন ধরে ফেসবুকে তারেক রহমানকে নিয়ে অশালীন ও আপত্তিকর ভাষায় পোস্ট করে আসছিলেন। এ ঘটনায় থানায় অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে আটক করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল জাকির চৌধুরী জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সিলেট নগরীতে নিষিদ্ধ সংগঠনের মিছিলে সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির বিষয়টি শোনা গেছে এবং আটক ব্যক্তি তা স্বীকারও করেছেন। তবে এ বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
