‘ভূতের’ গুজবে ভারতের বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব, পুলিশের গাড়িতে ভাঙচুর
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৩
ছবি: সংগৃহীত
ভারতের পাঞ্জাব রাজ্যের পাতিয়ালার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘ভূতের’ গুজবকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশের একটি টহলরত গাড়িতে ভাঙচুর চালাতেও দেখা যায় বিক্ষোভকারীদের। খবর এনডিটিভির।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ভূত’ থাকার দাবি করে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর চিতকারা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে গভীর রাতে শত শত শিক্ষার্থী রাস্তায় নেমে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসে এক ছাত্রী আত্মহত্যা করেছেন এবং তার ‘আত্মা’ এখন হোস্টেলে থাকা শিক্ষার্থীদের ভয় দেখাচ্ছে। এমনকি একটি ছাত্রীনিবাস থেকে চিৎকার শোনার দাবিও করেন তারা।
তবে শিক্ষার্থীদের এসব দাবি সরাসরি নাকচ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’ এবং এর কোনো বাস্তব ভিত্তি বা প্রমাণ নেই।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া এক শিক্ষার্থীকে হোস্টেলে নিয়ে আসতে একটি অ্যাম্বুলেন্স এসেছিল। এটিকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়েছে বলে দাবি কর্তৃপক্ষের।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পণ্ডিত জি’ নামে এক ব্যক্তির ছাত্রীনিবাসে যাওয়ার বিষয়টিও আলোচনায় আসে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ওই ব্যক্তি সত্যিই হোস্টেলে এসেছিলেন। তবে তিনি বিকেল আনুমানিক ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নিজের মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। এর সঙ্গে কোনো মৃত্যু বা আত্মহত্যার ঘটনার সম্পর্ক নেই।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের যাচাইবিহীন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, রিল বা বার্তার ওপর নির্ভর না করার আহ্বান জানিয়েছে। তাদের মতে, সত্যতা যাচাই না করে এসব কনটেন্ট ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও তাদের পরিবারের মধ্যে অপ্রয়োজনীয় আতঙ্ক তৈরি হতে পারে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীরা দুই ছাত্রী নিখোঁজ থাকার দাবি করেছে।
এক পুলিশ কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণ করা হয়েছে। তবে কেউ নিশ্চিত করে বলতে পারেনি কারা নিখোঁজ হয়েছেন। এমনকি কথিত নিখোঁজ কোনো ছাত্রীর নামও তারা জানাতে পারেনি। পুলিশ জানিয়েছে, বিষয়টি যাচাই করে দেখা হবে এবং সত্যিই কেউ নিখোঁজ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
