জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়ে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে তিনি রোববার সকালে ঢাকায় পৌঁছান।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২১ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
এর আগে ইউএনজিএর ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেওয়া এবং একাধিক উচ্চপর্যায়ের বৈঠক শেষে গত ২৫ সেপ্টেম্বর (স্থানীয় সময় রাত সাড়ে ১১টা) নিউইয়র্ক ত্যাগ করেন তিনি।
নিউইয়র্কে চার দিনের ব্যস্ত কর্মসূচিতে প্রধানমন্ত্রী প্রায় ৩০টি সরকারি অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক প্রেস ব্রিফিংয়ে জানান।
এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির বিষয় গুরুত্ব পায়।
এ ছাড়া প্রধানমন্ত্রী ইউএনজিএ সংশ্লিষ্ট আটটি কর্মসূচি, সাইডলাইনে চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান এবং ১১টি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেন তিনি।
সফরকালে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে চারটি অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে ছিল নারী নেতৃত্ব বিষয়ক প্ল্যাটফর্ম, ফার্স্ট স্পাউসেস সংলাপ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য ও ধাত্রীবিদ্যা বিষয়ক উচ্চপর্যায়ের অনুষ্ঠান।
