সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান বন্ধে টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, সবাইকে সঙ্গে নিয়ে মৌলভীবাজার জেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করে একটি ‘মডেল জেলা’ হিসেবে গড়ে তোলা হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয়বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং মাদক নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে- এমন কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
আরিফুল হক চৌধুরী বলেন, মৌলভীবাজারকে মাদকমুক্ত, অপরাধমুক্ত ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলাই লক্ষ্য। এ লক্ষ্যে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে বলা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ মাদক প্রবেশ ঠেকাতে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
নিষিদ্ধ সংগঠন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়েই এসব সংগঠনের মোকাবিলা করা হবে।
তিনি আরও বলেন, পর্যটন জেলা হিসেবে মৌলভীবাজারের ভাবমূর্তি রক্ষায় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অপরাধী যে পরিচয়েরই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাসির উদ্দীন মিটু, মুজিবুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মো. মনিরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
