ছবি: সংগৃহীত
সিলেটের বিশ্বনাথে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মাইকিং করে লোকজন জড়ো করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার লামাকাজি ইউনিয়নের ভুরকি ও ইশবপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে ভুরকি বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন-লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, মাসুক মিয়া, কবির মিয়া, মিজানুর রহমান, আতিকুর রহমান, আব্দুল ওয়াহিদ টিটন, জাকির আহমদ, হাজী ছফির আলী, তাজ মিয়া, জনি আহমদ, জয়নাল মিয়া, কয়ছর মিয়া, জমিল মিয়া, সাইদি উদ্দিন ও আলিম উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুরকি গ্রামের ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া এবং ইশবপুর গ্রামের হাজী ছফির আলীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষেতের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে রোববার দুপুরে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে দুই পক্ষই মাইকিং করে নিজেদের লোকজন জড়ো করে। পরে ভুরকি বাজার এলাকায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় চলা সংঘর্ষ প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
খবর পেয়ে বিশ্বনাথ থানার বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকার পরিস্থিতি শান্ত ছিল।
সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, “বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয়দের মধ্যে নতুন করে সংঘর্ষের আশঙ্কা থাকায় এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
