ছবি: সংগৃহীত
হবিগঞ্জের বাহুবলে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) স্ট্যান্ডের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাহুবল বাজারের পুরাতন হাসপাতাল সড়ক এলাকায় দফায় দফায় চলা এই সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
সংঘর্ষ চলাকালে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাহুবল তোহা বাজারের পাশে বকুলতলা এলাকায় অটোরিকশা ও ইজিবাইকের স্ট্যান্ড দখল নিয়ে গত কয়েক দিন ধরেই দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে কয়েক দফা বাগবিতণ্ডা ও ঝগড়ার ঘটনাও ঘটে। এরই জেরে রোববার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলে এই সংঘাত, যেখানে উভয় পক্ষ একে অপরের ওপর ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে।
খবর পেয়ে বাহুবল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় পুলিশ পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়।
সংঘর্ষে আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, স্ট্যান্ডের দখল নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
