বালাগঞ্জে বাঁধ অপসারণের দাবিতে গ্রামবাসীর মানববন্ধনে হামলা, আহত ৭
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৪
ছবি: ইমজা নিউজ
সিলেটের বালাগঞ্জে ব্রিজের মুখে দেওয়া মাটির বাঁধ অপসারণ ও ব্রিজটি পুনর্নির্মাণের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।
বুধবার বিকেলে উপজেলার খসরুপুর সড়কের করচারপার গ্রামের মধ্যবর্তী কুশিয়ারা ডাইকের ওপর ব্রিজের মুখে দেওয়া মাটির বাঁধ অপসারণের দাবিতে করচারপার, রাধাকোনা ও সাজানপুর এলাকার বাসিন্দারা এ মানববন্ধন করেন।
স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহল কুশিয়ারা ডাইকের ওপর ব্রিজের মুখে মাটির বাঁধ দেওয়ায় পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এতে আশপাশের কয়েকটি গ্রামের জলাবদ্ধতা দেখা দিয়েছে। শুকনো মৌসুমেও এসব এলাকায় পানি জমে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
এ অবস্থায় ব্রিজটি পুনর্নির্মাণ এবং ব্রিজের মুখে দেওয়া মাটির বাঁধ দ্রুত অপসারণের দাবিতে স্থানীয়রা মানববন্ধনের আয়োজন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন শেষ হওয়ার পরপরই একটি পক্ষ সেখানে এসে হামলা চালায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত সাতজন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার বলেন, সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
স্থানীয়রা জানান, পানি চলাচলের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত ব্রিজের মুখের মাটির বাঁধ অপসারণ এবং ব্রিজটি পুনর্নির্মাণ করা প্রয়োজন। এ বিষয়ে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপও দাবি করেছেন তারা।
