সিলেটের জৈন্তাপুরে বালুভর্তি ট্রাকের নিচে লুকিয়ে কোটি টাকার ভারতীয় শাড়ি পাচারের চেষ্টা ধরা পড়েছে। পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় বালুর স্তরের নিচ থেকে বিপুল পরিমাণ শাড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে জৈন্তাপুর থানার একটি দল নয়াখেল এলাকায় সারী নদীর ব্রিজের উত্তর পাশে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসায়। এ সময় একটি বালুভর্তি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে বালুর নিচে লুকানো অবস্থায় ৪ হাজার ৩৪১ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট উপজেলার পাঁচ সেউতী গ্রামের সিদ্দেক আলীর ছেলে আলাল (৩৫)-এর হেফাজত থেকে এসব শাড়ি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকৃত শাড়ির আনুমানিক মূল্য এক কোটি ৩০ লাখ ২৩ হাজার টাকা। একই সঙ্গে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
পুলিশের ভাষ্য, চোরাচালান রোধ ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
