ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আলোচিত যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে বালু উত্তোলনের অনুমতির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বালু উত্তোলনের অনুমতি দিয়ে ভূমি মন্ত্রণালয়ের জারি করা স্মারকের বৈধতা নিয়ে রুল জারি করেছেন আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রিটের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের আদেশের বিষয়টি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলমগীর শাকের দেওয়া প্রত্যয়নপত্রে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, হাইকোর্টের আদেশের পরবর্তী কার্যক্রম আদালতের আনুষ্ঠানিক আদেশ অনুযায়ী সম্পন্ন হবে।
রিটে ২২ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয় থেকে জারি করা একটি স্মারককে চ্যালেঞ্জ করা হয়েছে। ওই স্মারকের মাধ্যমে তাহিরপুরের তাহিয়া স্টোন ক্রাশারের স্বত্বাধিকারী নাসির মিয়াকে ‘ক্ষতিগ্রস্ত ইজারাদার’ হিসেবে বিবেচনা করে বাংলা ১৪৩৩ সালের অবশিষ্ট সময়ের জন্য যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয় বলে রিটে উল্লেখ করা হয়েছে।
রিট আবেদনকারীর অভিযোগ, একই বালুমহালের ইজারা-সংশ্লিষ্ট বিষয়ে তাকে বাদ দিয়ে শুধু নাসির মিয়াকে ক্ষতিগ্রস্ত ইজারাদার হিসেবে বিবেচনা করে বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে। এটি বৈষম্যমূলক ও স্বেচ্ছাচারী এবং সংবিধানের ২৭ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলেও রিটে দাবি করা হয়েছে।
রিটে সুনামগঞ্জ সদর উপজেলার পূর্ব তেঘরিয়া গ্রামের জিনান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহ রুবেল আহমেদ আবেদনকারী হিসেবে রয়েছেন।
ভূমি মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব, সিলেটের বিভাগীয় কমিশনার, সুনামগঞ্জের জেলা প্রশাসক, তাহিরপুর ও বিশ্বম্ভরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দুই উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) বিবাদী করা হয়েছে।
এ ছাড়া তাহিরপুরের তাহিয়া স্টোন ক্রাশারের স্বত্বাধিকারী নাসির মিয়াকেও রিটে বিবাদী করা হয়েছে।
শুনানি শেষে হাইকোর্ট জানতে চেয়েছেন, ২২ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের জারি করা ওই স্মারক কেন আইনগত কর্তৃত্ব ছাড়া জারি করা এবং আইনগত কার্যকারিতাহীন ঘোষণা করা হবে না। একই সঙ্গে স্মারকটির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
রিটের নথিতে বলা হয়েছে, আদালতের পূর্ণাঙ্গ আদেশ যথাযথভাবে সংশ্লিষ্টদের জানানো হবে।
মঙ্গলবার রিটটি হাইকোর্টে উপস্থাপন ও শুনানি করা হয়। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
