শিরোনাম
সিলেটের এক জেলায় পরিবহন ধর্মঘট আজ: বিভাগজুড়ে ভোগান্তির আশঙ্কা সিলেটে ট্রাকের উপরে বালি, নিচে ১ কোটি ৩০ লাখ টাকার চালান এবার কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ২০২৮ সালের মধ্যে সিলেট অংশের ছয় লেনের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী সিলেট প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত: কোর্ট পয়েন্টে অবস্থান সিলেটে বাণিজ্যমন্ত্রী: উন্নয়নকাজে অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের নজরদারি সিলেটে ২৪ ঘণ্টায় ৩০ জন আট/ক, শতাধিক গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা সহকারী অধ্যাপক পদে ২৮ চিকিৎসকের পদোন্নতি: সিলেটের দুজন যাদুকাটার দুই মহালে বালু উত্তোলন স্থগিত, হাইকোর্টের রুল সিলেট-ঢাকা যাত্রায় কমবে ৪০ কিলোমিটার পথ, সরাইল-নাসিরনগর সড়কের কাজ শুরু

https://www.emjanews.com/

19212

sylhet

প্রকাশিত

৩০ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৭

সিলেট

আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, কথিত প্রেমিক গ্রেপ্তার

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৭

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯)। এ ঘটনায় কিশোরীর কথিত প্রেমিক শোয়েব মিয়া (৩২)কে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মুল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধার করা হয়।

এসআরবি-৯ জানায়, আজমিরীগঞ্জের সিকান্দরপুর এলাকার ওই কিশোরীর সঙ্গে শোয়েব মিয়ার প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি কিশোরীর পরিবার শোয়েবের পরিবারকে জানালে তারা সহযোগিতা না করে উল্টো কিশোরীর পরিবারকে হুমকি ও ভয়ভীতি দেখায় বলে অভিযোগ করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২১ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় কিশোরী। এ সময় শোয়েব মিয়া অন্যদের সহযোগিতায় তাকে ফুসলিয়ে অপহরণ করে সিএনজিচালিত অটোরিকশায় করে অজ্ঞাত স্থানে নিয়ে যান বলে অভিযোগ করা হয়।

পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও কিশোরীর সন্ধান না পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শোয়েবের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। শোয়েবের পরিবারের সদস্যরা কিশোরীকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে কিশোরীকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগও করা হয়।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এরপর আসামিদের গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধারে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও সিপিএসসি কোম্পানি, সিলেটের একটি যৌথ দল মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের মুল্লাপাড়া এলাকায় আহাদ মিয়ার বসতবাড়িতে অভিযান চালায়। সেখান থেকে মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি শোয়েব মিয়াকে গ্রেপ্তার এবং কিশোরীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শোয়েব মিয়া আজমিরীগঞ্জ উপজেলার সিকান্দরপুর এলাকার মৃত ইস্তার মিয়ার ছেলে।

পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিকে আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৯।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।