রাজধানীর মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় ফুটপাতে উচ্ছেদ কার্যক্রমকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হকারদের ভাষ্য, সকালে সিটি করপোরেশনের কর্মীরা ফুটপাতের দোকান উচ্ছেদে গেলে হোপ মার্কেটের সামনে উত্তেজনা তৈরি হয়। উচ্ছেদের সময় বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা দাবি করেন। এতে ক্ষুব্ধ হয়ে হকারদের একটি অংশ সিটি করপোরেশনের গাড়ি ভাঙচুর শুরু করে।
সরেজমিনে দেখা যায়, সকাল পৌনে ১১টার দিকে হোপ মার্কেট এলাকা থেকে কয়েকজন আনসার সদস্য মিরপুর-১৩ নম্বরের দিকে দৌড়ে সরে যান। এ সময় ২০ থেকে ৩০ জন লোক তাদের লক্ষ্য করে লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করে।
হোপ মার্কেটের সামনে বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশে একটি স্থানে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় মিরপুর-১০ গোলচত্বর থেকে পুলিশের একটি পিকআপ ঘটনাস্থলের দিকে গেলে সেটিকেও লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হকারদের দাবি, সেখানে বিভিন্ন মালামাল ছিল যা আগুনে পুড়ে গেছে।
এ ঘটনায় কয়েকশ হকার জড়ো হয়ে হামলা ও ভাঙচুর চালায়। সিটি করপোরেশনের অন্তত দুটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঘটনাস্থলে ছবি ও ভিডিও ধারণে গণমাধ্যমকর্মীদের বাধা দেওয়া হয়। আগুনে পোড়া গাড়ির ছবি তুলতে গেলে এক আলোকচিত্রী হামলার শিকার হন বলে জানা গেছে। ঘটনার সময় সেখানে পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল না বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
