তৌফিক ইমরোজ খালিদী
দেশের অন্যতম শীর্ষ অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন।
শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিডিনিউজের এক জ্যেষ্ঠ সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।
সহকর্মীদের সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে চিকিৎসার জন্য লন্ডনে যান তৌফিক ইমরোজ খালিদী। বৃহস্পতিবার রাতে লন্ডনের একটি হোটেল কক্ষে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
চিকিৎসকদের বরাত দিয়ে সহকর্মীরা জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে তার মালিকানাধীন বাংলাদেশি অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এর আগে তিনি লন্ডনভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন।
ডিজিটাল বাংলাদেশ গঠনে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালের ডিসেম্বরে তৌফিক ইমরোজ খালিদী ‘বিশেষ স্বীকৃতি ও সম্মাননা’ হিসেবে জাতীয় আইসিটি পুরস্কার অর্জন করেন।
