সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ১২ লাখ টাকার চোরাচালান পণ্য আটক করা হয়েছে।
রবিবার (০৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তবর্তী বাংলাবাজার, প্রতাপপুর, সংগ্রাম ও সোনারহাট বিওপির সদস্যরা অভিযান চালান। এ সময় ভারতীয় কসমেটিকস, জিরা, বাসমতি চাল, গাড়ির টায়ার, কম্বল, গরু, চকলেট, বিভিন্ন ফল, সুপারি ও নারিকেলসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক পণ্যের আনুমানিক মূল্য ১২ লাখ ৭০ হাজার ৩০০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব পণ্য আটক করা হয়েছে। আটক মালামালের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
