ছবি: সংগৃহীত
বাংলাদেশ পুলিশের ৭২ জন নির্বাচিত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) দেশের বিভিন্ন জেলা ও ইউনিটে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হয়েছে। প্রশিক্ষণ শেষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর।
শনিবার (৩ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-৩ শাখা থেকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।
আদেশে বলা হয়েছে, নির্বাচিত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে উল্লিখিত পদে বা স্থানে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হয়েছে। কর্মকর্তারা এতদিন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় বাস্তব প্রশিক্ষণকালীন কর্মস্থলে ছিলেন।
প্রশিক্ষণ শেষে তাদের ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম, সিলেট, খুলনা, গাজীপুর, রাজশাহী, বরিশাল ও রংপুরসহ বিভিন্ন মেট্রোপলিটন পুলিশ ইউনিট, জেলা ও বিশেষায়িত পুলিশ ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে।
সিলেটে দুই শিক্ষানবিশ এএসপি
পদায়ন পাওয়া ৭২ কর্মকর্তার মধ্যে মো. দেলোয়ার হোসেন রনিকে সহকারী পুলিশ কমিশনার হিসেবে সিলেট মহানগর পুলিশে (এসএমপি) এবং মো. আরাফাত হোসেনকে সহকারী পুলিশ কমিশনার, এসএমপি সিলেটে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া ডিএমপিতে একাধিক কর্মকর্তাকে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে এম এম তারিক-উল্লাহ, রাইসুল ইসলাম, শাওন রেজা, মো. আশিকুর রহমান, জুবায়ের আহমেদ, মো. মইনুল হোসেন মন্ত্রী, মো. শাহিন আলম শাওন ও মো. মাজহারুল ইসলাম রয়েছেন।
চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন পেয়েছেন তানভীর আহমেদ, মোহাম্মদ মোতাইনুল ইসলাম, সরকার ফরহাদ আহমেদ, তানজিনা সুলতানা ও বিপ্লব কুমার নন্দী।
গাজীপুর মহানগর পুলিশে (জিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আবদুল্লাহ আল সাদমান, মো. সাব্বির হোসেন, মো. শহিদুল ইসলাম, পূজা রানী দাস ও প্রকৃতি ইসলাম।
খুলনা মহানগর পুলিশে (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে মেহেদী হাসান আমজাদ, হাসিবুল হাসান শিপন, এহসানুল করিম ও মো. সজীব মিয়াকে পদায়ন করা হয়েছে। বরিশাল মহানগর পুলিশে (বিএমপি) জামাল হোসেন ও প্রশান্ত ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশে (আরএমপি) নাভিদ তাসনিম এবং রংপুর মহানগর পুলিশে (আরপিএমপি) মো. রিদওয়ান-উল-ইসলামকে সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
বিভিন্ন বিশেষায়িত ইউনিটেও পদায়ন
৭২ কর্মকর্তার মধ্যে অনেকে পুলিশের বিশেষায়িত বিভিন্ন ইউনিটেও দায়িত্ব পেয়েছেন। তাদের মধ্যে সিআইডি, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), সাইবার পুলিশ ইউনিট এবং পুলিশ সদরদপ্তরে কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।
মোকছেদুল মমিনকে সিআইডিতে সহকারী পুলিশ সুপার এবং তানভীর আহমেদকেও সিআইডিতে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আশীষ কুমার বিশ্বাস, আসাদুজ্জামান আশিক, বাপী কুমার দাশ, মো. রাশেদুল ইসলাম, মো. রুহুল আমিন হাওলাদার ও মো. মোহসিন আহমেদকে এপিবিএনে পদায়ন করা হয়েছে।
শাহেদুল ইসলাম, আবু রায়হান, মো. সাব্বির হোসেন, সালাহ উদ্দিন কাদের ও মো. ফাহিম ফয়সালসহ কয়েকজনকে ট্যুরিস্ট পুলিশে দায়িত্ব দেওয়া হয়েছে। শিল্পাঞ্চল পুলিশে পদায়ন পেয়েছেন রিয়াজ খান, শোয়েব আহমেদ, আবদুল্লাহ সালমান আশিক, জাহেদুল ইসলাম ও সুমন চন্দ্র ক্ষত্রিয়সহ কয়েকজন।
পিবিআইতে তোফাজ্জল হোছাইন সুমন ও রূপম দেবনাথকে সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া পুলিশের সদরদপ্তরের বিভিন্ন শাখা, রেঞ্জ ডিআইজি কার্যালয় এবং সাইবার পুলিশ ইউনিটেও কয়েকজনকে সংযুক্ত করা হয়েছে। মায়িশা ফান্নানা, মো. আবু সিয়াম, মো. সাব্বির আহমেদ, মিয়াজী আলিফ ইমরান, মো. মাকসুদুল হাসান, নাজমুল সাদাত, মো. লতিফুল হাসান বাঁধন ও মো. হাদিউল ইসলামসহ কয়েকজনকে পুলিশ সদরদপ্তরের টিআর পদে সংযুক্ত করে বিভিন্ন ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে শেষ করার পর বদলি হওয়া কর্মস্থলে যোগদান করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।
