ছবি: সংগৃহীত
খুলনায় ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে গুরুতর আহত হয়েছেন শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বিশেষ অভিযান শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে ফিরছিলেন শাহ আলম। পথে তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তাঁর রিকশার গতিরোধ করে। এ সময় তারা তাঁর টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে দুই হাতের কব্জির ওপর ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে তাঁকে গুরুতর জখম করে ছিনতাইকারীরা।
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, শাহ আলম জেলা পুলিশে কর্মরত। রাতে তাঁর দায়িত্ব ছিল। দায়িত্ব শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে ফেরার পথে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। তিনি পুলিশ ক্লাবেই থাকেন।
ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে কিছুটা সামনে রূপসা মোড়ে পুলিশের টহল গাড়ি ছিল। তবে কলেজিয়েট স্কুলের পাশের অন্ধকার গলি থেকে বের হয়ে ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়ে আবার গলির ভেতরে পালিয়ে যায়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
