সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্যপ্রবাসী খছরু মিয়ার পাঠানো টাকায় কেনা জমি ও বাড়ির দলিলে তাঁর দুই ভাই নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সম্পদের মালিকানা ফিরে পেতে সিলেটের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন ওই প্রবাসী।
খছরু মিয়া বিশ্বনাথ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ধোপাকলা গ্রামের ছুফু মিয়ার ছেলে। তাঁর অভিযোগ, ২০০০ সালে যুক্তরাজ্যে যাওয়ার পর দেশে জমি কেনা ও বাড়ি নির্মাণের জন্য তিনি নিজের উপার্জনের টাকা দুই ভাই গৌছ মিয়া ও গয়াছ মিয়ার কাছে পাঠাতেন। কিন্তু তাঁর পাঠানো টাকায় কেনা জমি ও বাড়ির দলিলে দুই ভাই নিজেদের নামও অন্তর্ভুক্ত করেছেন।
খছরু মিয়ার দাবি, একসময় তাঁর দুই ভাইয়ের জীবিকা নির্বাহেরও নির্দিষ্ট ব্যবস্থা ছিল না। যুক্তরাজ্যে যাওয়ার পর তিনি তাঁদের পরিবারের ভরণপোষণের দায়িত্বও পালন করেছেন। এমনকি তাঁদের একজনের ছেলেকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার পাশাপাশি প্রায় ২০ বছর ধরে তাঁদের বিয়ে ও পারিবারিক খরচ বহন করেছেন।
সম্প্রতি জমি ও বাড়ির দলিলে দুই ভাইয়ের নাম অন্তর্ভুক্ত থাকার বিষয়টি জানতে পারেন বলে জানান খছরু মিয়া। এরপর সম্পদের মালিকানা নিয়ে বিরোধের সমাধান চেয়ে গ্রামের মুরব্বিদের দ্বারে দ্বারে ঘুরেছেন তিনি। একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ তাঁর।
এ অবস্থায় নিজের পাঠানো টাকায় কেনা সম্পদের বিষয়ে তদন্ত করে সেগুলোর মালিকানা ফিরে পেতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নিজে উপস্থিত হয়ে লিখিত আবেদনটি জমা দেন খছরু মিয়া।
এ বিষয়ে গ্রামের মুরব্বি ও সাবেক কাউন্সিলর মুহিবুর রহমান বাচ্চু বলেন, খছরু মিয়া যুক্তরাজ্যে যাওয়ার পর তাঁর ভাইদের মাধ্যমে জমি ও বাড়ির জায়গা কেনা এবং ঘর নির্মাণ করেছেন, এটি সত্য। তবে বর্তমানে তাঁদের মধ্যে মনোমালিন্য দেখা দিয়েছে। বিষয়টি সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন গ্রামের ও বাইরের মুরব্বিরা।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গৌছ মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন নম্বর পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
