মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাক, সামাজিক মাধ্যমে আলোচনা
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ ১৯:২৫
ছবি: সংগৃহীত
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে দেখা গেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে। অভিযানের দুটি ভিডিও নিজের সরকারি ফেসবুক পেজে প্রকাশ করেছেন তিনি। ভিডিওতে তাঁর হাতে থাকা আগ্নেয়াস্ত্রের কিছু অংশ ঝাপসা করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
প্রকাশিত ভিডিও অনুযায়ী, গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন চিহ্নিত মাদকের আস্তানায় অভিযান চালানো হয়। ভিডিওতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়া এবং মাদক কারবারে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার কথা জানানো হয়েছে। অপর একটি ভিডিওতে কয়েকজনকে হাতকড়া পরিয়ে পুলিশ নিয়ে যেতে দেখা যায়।
তবে অভিযানের সময় প্রতিমন্ত্রীর হাতে থাকা পিস্তলটি কী ধরনের অস্ত্র, তা ভিডিও দেখে নিশ্চিত হওয়া যায়নি। অভিযানে অস্ত্রটি সঙ্গে রাখার কারণ কিংবা সেটি ব্যবহারের কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত ৬ অক্টোবর ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় সমন্বিত মাদকবিরোধী তৎপরতায় অংশ নিতে দেখা যায় ইশরাক হোসেনকে। সে সময় মাদক কারবারে জড়িত ব্যক্তিদের হাতেনাতে আটক এবং মাদকের আস্তানা উচ্ছেদের কার্যক্রম চালানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছিল।
এদিকে, মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রীর হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে। বিশেষ করে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বৈধ হলেও তা প্রকাশ্যে এভাবে প্রদর্শন করা যায় কি না, সে বিষয়ে আলোচনা করছেন অনেকে।
সমালোচকদের কেউ কেউ ‘আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা, ২০২৫’-এর আলোকে অস্ত্র প্রদর্শনের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
