ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মিতালী স্কুল অ্যান্ড কলেজের ২১ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন।
এমন ফলাফলের জন্য শিক্ষক সংকট, দক্ষ শিক্ষকের অভাব, নিয়মিত ক্লাস না হওয়া এবং শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে অনুপস্থিতিকে দায়ী করছেন একাধিক অভিভাবক।
শিক্ষার্থী অভিভাবক ও সুনামগঞ্জ জেলা যুবদলের শিল্পবিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, দক্ষ ও পর্যাপ্ত শিক্ষকের অভাবেই এমন ফলাফল হয়েছে। শিক্ষার মান উন্নয়নে দক্ষ শিক্ষক নিয়োগের পাশাপাশি নিয়মিত পাঠদানের বিষয়েও গুরুত্ব দিতে হবে।
মিতালী স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি ও সুনামগঞ্জ জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, কলেজটি নতুন হওয়ায় শিক্ষক সংকটসহ বিভিন্ন সীমাবদ্ধতা ছিল। স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আগামীতে ভালো ফলাফলের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে।
অন্যদিকে শিক্ষার্থী অভিভাবক ও ইউনিয়ন জামায়াতের সভাপতি জুবায়ের আহমেদ বলেন, উপজেলার অন্যান্য কলেজে ভর্তির সুযোগ না পাওয়া অনেক শিক্ষার্থী শেষ পর্যন্ত এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। নিয়মিত ক্লাস না হওয়া এবং শিক্ষক সংকটের কারণে ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছে।
তবে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ময়না মিয়া শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতিকে ফলাফল বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পর প্রথম এক থেকে দুই মাস ক্লাস করেছে। এরপর তারা আর নিয়মিত ক্লাসে আসেনি। বিভিন্নভাবে চেষ্টা করেও তাদের নিয়মিত শ্রেণিকক্ষে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
