শিরোনাম
মৃত্যুর রাতে বান্ধবীর সঙ্গে দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০, ২৬ কারখানায় ছুটি সিলেটে বাসার দরজা-জানালায় শব্দ: ১৬ ঘণ্টায় ৬টি ভূমিকম্প ল্যাপটপ চুরির মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র সিলেটে অনিয়মিত পরীক্ষার্থীদের কারণে ফল খারাপ হয়েছে: পরীক্ষা নিয়ন্ত্রক পাসের হারে এগিয়ে সিলেট, পিছিয়ে মৌলভীবাজার সিলেট শিক্ষা বোর্ডের ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল সুনামগঞ্জের শাল্লায় মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীর বাড়ি ভাঙচুর ও লুটপাট এইচএসসির ফল আজ, সিলেট বোর্ডে পরীক্ষার্থী ছিলো ৭২ হাজার ৭৪৫ জন এসএসসির ১০ বিষয়ে অকৃতকার্য হয়েও প্রকাশিত ফলে পাস!

https://www.emjanews.com/

20177

national

প্রকাশিত

৩১ অক্টোবর ২০২৬ ২০:১৪

জাতীয়

মৃত্যুর রাতে বান্ধবীর সঙ্গে দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ ২০:১৪

ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি।

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নতুন তথ্য পেয়েছেন তদন্তকারীরা। টঙ্গীর মাজার বস্তি এলাকায় যাওয়ার আগে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্ট অ্যান্ড বারে বান্ধবী ও ‘জুনিয়র বন্ধু’ আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা সময় কাটিয়েছিলেন তিনি। এদিকে এ ঘটনায় গ্রেপ্তার দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে প্রবেশ করেন তাহসিফ ও তাঁর বান্ধবী। তাঁরা একটি মোটরসাইকেলে সেখানে যান। কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেলে সেখানে পৌঁছান দীপ। পরে তিনজনই রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করেন।

অন্য একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাহসিফ ও তাঁর বান্ধবী লিফটের সামনে দাঁড়িয়ে দীপের জন্য অপেক্ষা করছেন। পরে হেলমেট পরা অবস্থায় দীপ সেখানে পৌঁছালে তিনজন একসঙ্গে বারের লিফটে ওঠেন।

সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর তাঁরা মোটরসাইকেলে করে বেরিয়ে যান। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, পরে তাহসিফের বান্ধবীকে তাঁর বাসায় পৌঁছে দেওয়া হয়। এরপর তাহসিফ ও দীপ যান টঙ্গীর মাজার বস্তি এলাকায়।

তদন্তকারীরা ওই রাতের তাহসিফের গতিবিধি, যাতায়াত এবং বিভিন্ন স্থানে অবস্থানের তথ্য সংগ্রহ করছেন। তবে এ বিষয়ে তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে তাহসিফের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন।

এর আগে শনিবার বেলা সোয়া ২টার দিকে দীপকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, নিহত কে এম তাহসিফ সাউরি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। তিনি তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। গত ২৭ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে দীপ তাঁকে বাসা থেকে ডেকে বাইরে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরদিন ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ জানতে পারে, উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে এক ব্যক্তির মরদেহ ভাসছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সুরতহাল করার সময় নিহতের ট্রাউজারের পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা জানতে পারেন, ঘটনার দিন তাহসিফকে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন দীপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ স্বীকার করেন, নিহত তাহসিফ তাঁর বড় ভাই ও সিনিয়র ছিলেন।