ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা কর্মসূচি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুল হোসেনের একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এতে মঙ্গলবারের ‘ছাত্র ধর্মঘট’ সফল করতে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার দাবি জানানোসহ বাস ও ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দিতে শোনা গেছে ওই ছাত্রলীগ নেতাকে।
সোমবার রাতে ছড়িয়ে পড়া অডিওতে আবরার শাহরিয়ারকে প্রক্টরের কাছে মঙ্গলবারের ক্লাস ও পরীক্ষা স্থগিতের দাবি জানাতে শোনা যায়। এ সময় তিনি ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ তুলে বিশ্ববিদ্যালয়ের ২৭ হাজার শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রক্টরের ওপর রয়েছে বলে উল্লেখ করেন।
ফোনালাপে আবরার বলেন, 'স্যার আপনি নিশ্চয়ই জানেন ডিসেম্বরে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন। বিশ্ববিদ্যালয়ের ২৭ হাজার শিক্ষার্থীর আইনশৃঙ্খলা ও সামগ্রিক নিরাপত্তার দায়িত্ব আপনার। আমি আশা করব, আগামীকাল যে সমস্ত ক্লাস-পরীক্ষা আছে, সেগুলো মুলতবি ঘোষণা করবেন।'
জবাবে প্রক্টর অধ্যাপক কামরুল হোসেন বলেন, 'আসলে এটা তো আমার সিদ্ধান্ত না, এটা কেন্দ্রীয় প্রশাসনের সিদ্ধান্ত। তারা যেভাবে সিদ্ধান্ত দেয়, আমি সেভাবে ফলোআপ করব। এটা আমার দেওয়া সিদ্ধান্ত না।'
এরপর মঙ্গলবারের কর্মসূচি সফল করার ঘোষণা দিয়ে আবরারকে বলতে শোনা যায়, 'আমরা আগামীকালের প্রোগ্রাম সফল করব, যে কোনোভাবে সেটা। আগামীকাল কোনো বাস, কোনো ট্রেন চলবে না, আমরা চলতে দেব না।'
তবে কর্মসূচিতে সহিংসতা না করার কথা উল্লেখ করে তিনি বলেন, 'আমরা বলে রাখতে চাই, আমরা বিএনপির মতো আগুন সন্ত্রাস করব না, শিবিরের মতো টিচার্স বাসেও ককটেল হামলা করব না। তবে কোনো রকম সহিংসতা ছাড়া আমরা প্রোগ্রামটা সফল করব। এখন বাকিটা আপনাদের দায়িত্ব।'
এ সময় প্রক্টর বলেন, 'তোমাদের যদি কোনো কিছু থেকে থাকে, তোমরা তোমাদের মতো করবা। প্রশাসন প্রশাসনের মতো করে যে বিষয়গুলো আইনগত ও প্রশাসনিকভাবে করার, সেগুলো করবে।' ফোনালাপের অডিও এবং ছাত্রলীগ নেতার দাবির বিষয়ে সোমবার রাত প্রক্টর অধ্যাপক কামরুল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইনশৃঙ্খলা ব্যবস্থা রয়েছে। রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী ও রেলওয়েরও নিজস্ব শৃঙ্খলা ব্যবস্থা আছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। আইনের ব্যত্যয় বা আইনবহির্ভূত কোনো ঘটনা ঘটলে তা আইনগতভাবে মোকাবিলা করা হবে।
এদিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ‘দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির’ প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল। সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়। পরে সোহরাওয়ার্দী মোড়, এ এফ রহমান হল ও আলাওল হল প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী বিভিন্ন জায়গায় সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়েছে এবং হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ছাত্রদল প্রতিশোধপরায়ণ সংগঠন নয়। তবে এটিকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে সারা দেশে ৫০ লাখ নেতাকর্মী মারা পড়বে বলে কাদেরের দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়নের পরও ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিশোধ নেননি।
এটিকে দুর্বলতা মনে না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ঘুমন্ত বাঘকে জাগ্রত করবেন না।’ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, সরকারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবেন, জুলাইয়ের পক্ষের শক্তি ছাত্রদল বসে থাকবে না। ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি জনগণের রায়ের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্রদল প্রস্তুত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাংশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আব্দুল্লাহ আল নোমানের অভিযোগ, প্রশাসনের কিছু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর আশ্রয়-প্রশ্রয়ে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মসূচি আয়োজনের চেষ্টা চলছে। অতীতে ক্যাম্পাসে সংঘটিত নির্যাতন-নিপীড়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব ঘটনার মাশুল একসঙ্গে নেওয়া হবে। শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে ছাত্রদলের এই নেতা বলেন, 'সবাই সজাগ থাকবেন। হাসিনা আসবে, এটা দুঃস্বপ্ন। শেখ হাসিনা যেদিন আসবেন, সেদিন ছাত্রসমাজ ১৭ বছরের প্রতিশোধ নেবে।'
