শিরোনাম
বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার, মানতে হবে পরিবেশবিধি: বাণিজ্যমন্ত্রী নেত্রকোণায় ধর্ষিত ১২ বছরের শিশু, সিলেটে সন্তান জন্মদান: মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড সিলেটে রনজিতের সভা: রিসোর্টের দুই কর্মীসহ আটক ৪ সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে হট্টগোল জুড়ীতে নারী কনস্টেবলকে মুখ চেপে অপহরণের চেষ্টা, সিসিটিভিতে ধরা দুই তরুণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, সব খরচ দেবে নিয়োগকারী সিলেটে রনজিতের নির্দেশে মিছিল দিতে গিয়ে ৩ ছাত্রলীগ কর্মী আ/টক সিলেট সীমান্তে একদিনে ১ কোটি ১২ লাখ টাকার চো/রাই পণ্য জব্দ রনজিতের সভা, সোহেল রিসোর্ট বন্ধ করে দিয়েছে পুলিশ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, আইন অনুযায়ী সমাধান হবে: ভারত

https://www.emjanews.com/

20444

sylhet

প্রকাশিত

১০ নভেম্বর ২০২৬ ১৮:২১

সিলেট

সিলেটে ১২০০ পদের নিরামিষ খাবারে অন্নকূট মহোৎসব

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ ১৮:২১

ছবি: সিসিক

মাটির পাত্রে সাজানো নানা ধরনের নিরামিষ খাবার। কোথাও ছানার রসা, কাশ্মীরি, কাঁচকলা, কাঁঠালের ইচড়, কলার মোচা, জয় পনির ও ফুলকপির তরকারি। কোথাও বাঁধাকপি, মিশ্র সবজি, আলুর দম, ডাল, পোলাও, মিষ্টি ও পিঠা। এভাবে ১ হাজার ২০০ পদের বেশি খাবারের আয়োজন করা হয় অন্নকূট মহোৎসবে। পাশাপাশি অন্ন দিয়ে তৈরি করা হয় গিরিরাজ গোবর্ধনের প্রতিকৃতি। এসব দেখতে মন্দিরে ভিড় করেন হাজারো ভক্ত ও দর্শনার্থী। একদিকে চলে কীর্তন, অন্যদিকে ভোগদর্শন। পরে ভক্তরা একসঙ্গে গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সিলেট নগরের ইসকন যুগলটিলা মন্দিরে অনুষ্ঠিত হয় এ অন্নকূট মহোৎসব। আয়োজকদের দেওয়া হিসাব অনুযায়ী, এতে প্রায় ১৫ থেকে ২০ হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। দিনব্যাপী ধর্মীয় আয়োজন শেষে উপস্থিত সবার মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। শিবমন্দিরেও প্রসাদ বিতরণের ব্যবস্থা ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, ‘ইসকন সিলেটের অন্নকূট মহোৎসব অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এত আনন্দঘন পরিবেশে এ আয়োজন হতে দেখে আমি অত্যন্ত আনন্দিত। এর অন্যতম কারণ, বর্তমানে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পেয়েছি। এখানে জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবার কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের আইনি ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার কারণে সবাই পরিপূর্ণভাবে ধর্মীয় স্বাধীনতা উপভোগ করতে পারছি।’

তিনি আরও বলেন, ‘সিলেট সিটি করপোরেশন থেকে অন্য সব মন্দির ও উপাসনালয়ের মতো ইসকন মন্দিরকেও সহযোগিতা করা হবে। এখানে সহযোগিতার ক্ষেত্রে কোনো কার্পণ্য করা হবে না। ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা থাকবে। যেকোনো প্রয়োজনে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহসভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। তিনি বলেন, ‘আমরা সব সময় সিলেট সিটি করপোরেশনের কাছ থেকে সহযোগিতা পেয়ে আসছি। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি।’ আয়োজন সফল করতে যাঁরা অংশ নিয়েছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

আয়োজকেরা জানান, অন্নকূট শব্দের অর্থ অন্নের পাহাড়। শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলাকে স্মরণ করে এ উৎসব পালন করা হয়। শাস্ত্রীয় বর্ণনা অনুযায়ী, দেবরাজ ইন্দ্রের প্রবল বৃষ্টির হাত থেকে ব্রজবাসীদের রক্ষা করতে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। সেই লীলার স্মরণে নানা ধরনের খাবার প্রস্তুত করে গিরিরাজ গোবর্ধনের উদ্দেশে নিবেদন করা হয়।

অন্নকূট উপলক্ষে আগের রাত থেকেই মন্দিরে একাধিক চুলায় খাবার তৈরির কাজ শুরু হয়। ভক্তদের সম্মিলিত প্রচেষ্টায় প্রস্তুত করা হয় ১ হাজার ২০০ পদের বেশি নিরামিষ খাবার। পরে এসব খাবার মাটির পাত্রে সাজিয়ে প্রদর্শন করা হয়। গিরিরাজের প্রতিকৃতি দেখতে বিভিন্ন বয়সী মানুষের মধ্যে আগ্রহ দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস ব্রহ্মচারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারী।

কীর্তন, ভোগদর্শন, গিরিরাজ গোবর্ধন পরিক্রমা ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এ মহোৎসব শেষ হয়।