ছবি: সংগৃহীত
ডিসেম্বরের প্রথম সপ্তাহে শূন্য অভিবাসন ব্যয়ে (জিরো কস্ট) মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী। তাঁদের মেডিকেল পরীক্ষা, ভিসা ফি, বিমা ও বিমান টিকিটসহ সব খরচ বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।
সরকারিভাবে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) জানিয়েছে, এ প্রক্রিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর লক্ষ্য রয়েছে। তবে এখন পর্যন্ত ৫৫৮ জন কর্মীর চাহিদাপত্র (ডিমান্ড লেটার) এসেছে।
লটারির মাধ্যমে নির্বাচিত ৩০০ কর্মীর মধ্যে প্রথম দফায় ১১২ জন মালয়েশিয়া যাচ্ছেন ডিসেম্বরের শুরুতে।
তবে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। একের পর এক কর্মী পাঠানোর তারিখ ও সংখ্যার ঘোষণা এলেও বেসরকারি রিক্রুটিং এজেন্সির মালিক ও বিদেশগামী কর্মীদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। এর মধ্যেই সরকারি উদ্যোগে কর্মী পাঠানোর প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বোয়েসেল।
এদিকে, জিরো কস্টে কর্মী পাঠানোর এ সুযোগ যেন কোনোভাবেই বিদেশগামীদের জন্য ব্যয়ের কারণ না হয়, সে বিষয়ে নজরদারি বাড়ানোর দাবি উঠেছে। বিশেষ করে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা।
তাঁদের সতর্কতা, এ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম হলে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো সুযোগ পাওয়ার আগেই মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
