সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ১২ লাখ ৭৯ হাজার ২৪৫ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও এর অধীনস্থ বিভিন্ন সীমান্ত ফাঁড়ির পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, সার্জিক্যাল সামগ্রী, রসুন, গরু, জুস, বিস্কুট, টমেটো, হ্যালোজেন লাইট, পাথরের নেকলেস, কম্বল, গাড়ির টায়ার-টিউব, চকলেট, চিপস, ফল, সুপারি, আলু, নারিকেল, চায়ের কাপ, চা-পাতা, বিড়ি, প্রসাধনসামগ্রী, হট ক্যারিয়ার, কেডস, সিটি গোল্ডের হার, মিলেট মিউসলি, ট্যাটু মেশিন ও জিপিএস ট্র্যাকার। এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছও জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল এবং বাংলাবাজার, দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি ও প্রতাপপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন। সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা পণ্যগুলোর বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
