ছবি: সংগৃহীত
পুলিশ আর কখনো নোংরা জায়গা থেকে মাসোহারা নেবে না। নিরপরাধ মানুষের ওপর গুলি চালানো কিংবা পুলিশের নামে কোনো ধরনের অনিয়মও বরদাশত করা হবে না বলে জানিয়েছেন রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মীর আশরাফ আলী।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাজশাহী রেঞ্জে দায়িত্ব নেওয়ার পর বগুড়ায় প্রথম সফরে এসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক চিত্র জানতে এবং অপরাধ নিয়ন্ত্রণে সাংবাদিকদের পরামর্শ নিতে এ সভার আয়োজন করা হয়। এতে জেলার টেলিভিশন ও সংবাদপত্রে কর্মরত সাংবাদিকেরা বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
মতবিনিময় সভায় ডিআইজি মীর আশরাফ আলী বলেন, ‘জনসংখ্যা বেশি হলে অপরাধের প্রবণতা ও অপরাধের সংখ্যাও বেশি হবে।’ বাংলাদেশ একটি গরিব ও অভাবী দেশ উল্লেখ করে তিনি বলেন, এ অভাব দূর করতে কাজ করতে হবে।
পুলিশের নীতিনির্ধারকদের বিষয়ে তিনি বলেন, ‘যারা পুলিশের পলিসি মেকার, দেশের মানুষকে ভালোবেসে পুলিশিংয়ের দায়িত্ব নিয়েছেন, তাদের মধ্যে একটুও খাদ নেই। তারা এত দিন নির্যাতিত ছিলেন। তো আমরা যদি এখন এই পুলিশকে ঠিকমতো দাঁড় করাতে না পারি, তাহলে তো আমরা সেই পুলিশেই হয়ে গেলাম।’
পুলিশকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় জানিয়ে ডিআইজি বলেন, ‘আমাদের মনে কিন্তু এই প্রবল বাসনাটা আছে যে পুলিশকে আমরা এমনভাবে দাঁড় করাব, যে পুলিশ কখনোই নিরপরাধ ব্যক্তিকে গুলি করবে না। পুলিশ কখনোই এই যে নোংরা জায়গা থেকে মাসোহারা নেবে না।’
মাসোহারা নেওয়াসহ সব ধরনের অপরাধ দ্রুত নিয়ন্ত্রণে আনার আশ্বাস দিয়ে তিনি জানান, রাজশাহী বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ রুট নিয়ন্ত্রণ করা হবে তাঁর প্রথম কাজ। তবে একবারেই অপরাধ নির্মূলের প্রতিশ্রুতি দিতে চান না তিনি। তাঁর ভাষায়, ‘আমি আপনাদের কথা দিতে পারি না যে এটা একবারে নির্মূল হবে। নির্মূল হবে না, নিয়ন্ত্রণে আসবে।’
পুলিশের সাম্প্রতিক আচরণগত পরিবর্তন ও মনোবলের উদাহরণ দিয়ে মীর আশরাফ আলী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা সড়কে দায়িত্ব পালনরত সার্জেন্টদের উদ্দেশে কেউ অশালীন ভাষায় গালিগালাজ করলেও তাঁরা পাল্টা গালিগালাজ করেন না। বরং ধৈর্যের সঙ্গে আইনের প্রয়োগ করেন।
পুলিশের অতীত ভূমিকার সমালোচনা করে ডিআইজি বলেন, ‘পুলিশ তো আগে একটি বুলেট, একটি শিশু নীতিতে চলেছে। পৃথিবীর ইতিহাসে কোন দেশ দেখাতে পারবেন যে এক হাজার শিশুকে মেরে ফেলেছে পুলিশ? আমি পাইনি। তো এই যে নিরপরাধ ব্যক্তিকে একটা বুলেট দিয়ে একজনকে মেরে ফেলা, এই লজিস্টিকটা ছিল ৫ আগস্টের আগে।’
মতবিনিময় সভায় বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদসহ জেলার বিভিন্ন টেলিভিশন ও সংবাদপত্রের অন্তত ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
