ছবি: এসআরবি -৯
বাগেরহাটের মোংলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র পলাতক আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম ইয়ার মো. সমির (৪০)। তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আমিরখানি গ্রামের জহির মিয়ার ছেলে।
র্যাব জানায়, ভুক্তভোগী শিশুটি মোংলা বন্দরের মাধবী আবাসিক এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত। অভিযুক্ত ব্যক্তি শিশুটির প্রতিবেশী হওয়ায় দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক ছিল। সেই সুবাদে শিশুটি প্রায়ই তাঁর বাসায় গিয়ে অভিযুক্তের মেয়ের সঙ্গে খেলাধুলা করত।
গত ২৫ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটি খেলতে ওই বাসায় যায়। এ সময় অভিযুক্তের স্ত্রী ঘুমিয়ে থাকার সুযোগে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।
পরে কান্নাকাটি করতে করতে শিশুটি বাড়িতে ফিরে মাকে বিষয়টি জানায়। শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা প্রথমে তাকে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক ছিলেন।
র্যাব জানায়, মামলার আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ নভেম্বর রাত সোয়া ১০টার দিকে এসআরবি-৯-এর সদর কোম্পানি ও এসআরবি-৬-এর বাগেরহাট সদর কোম্পানির যৌথ দল দক্ষিণ সুরমার দাউদপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
