শাবিপ্রবি প্রক্টরের বিরুদ্ধে সাত অভিযোগ, পাঁচ দফা দাবিতে স্মারকলিপি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬ ২২:১৭
ছবি: সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমানের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, আর্থিক অনিয়ম, নারী শিক্ষার্থীকে হয়রানি ও অসদাচরণের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং তদন্ত চলাকালে প্রক্টরকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতির দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন একদল শিক্ষার্থী।
রোববার (১৫ নভেম্বর) উপাচার্যের কার্যালয়ে জমা দেওয়া স্মারকলিপিতে প্রক্টরের বিরুদ্ধে সাতটি সুনির্দিষ্ট অভিযোগ তুলে পাঁচ দফা দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় ১৪ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে প্রক্টরের নিয়মিত যোগাযোগ ছিল। ওই হামলায় দেলোয়ার হাসান শিশির, আসাদুল্লাহ আল গালিব ও হাফিজুল ইসলাম আহত হন।
শিক্ষার্থীদের দাবি, ৫ আগস্টের পর অভিযুক্ত ব্যক্তিদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হলেও প্রক্টর তাঁদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন। পাশাপাশি বিভিন্নভাবে সহযোগিতা ও বিশেষ প্রটোকলের মাধ্যমে তাঁদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেন। বর্তমানেও নিষিদ্ধ সংগঠনটির নেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়।
আর্থিক অনিয়মের অভিযোগে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ক্যাম্পাসে ট্রাক দুর্ঘটনায় এক শিক্ষার্থী আহত হওয়ার পর তাঁকে যথাযথভাবে অবহিত না করেই সংশ্লিষ্ট ট্রাক কোম্পানির কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পরে ওই অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ তাঁদের। এ ছাড়া ক্যাম্পাসের টং দোকানদার ও অটোচালকদের কাছ থেকেও অনিয়মতান্ত্রিকভাবে অর্থ আদায়ের অভিযোগ তোলা হয়েছে।
নারী শিক্ষার্থীদের সঙ্গে আচরণ নিয়েও দুটি গুরুতর অভিযোগ করেছেন স্মারকলিপিদাতারা। তাঁদের দাবি, এক নারী শিক্ষার্থীর শারীরিক গঠন ও পোশাক নিয়ে প্রক্টর আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করেছেন। অন্য একটি ঘটনায় প্রতিকার ও ন্যায়বিচারের আশায় প্রক্টরিয়াল বডির কাছে যাওয়ার পর এক নারী শিক্ষার্থী উল্টো হয়রানির শিকার হয়েছেন।
এ ছাড়া শিক্ষার্থীদের সঙ্গে ধমক, অপমানজনক ভাষা ও অসৌজন্যমূলক আচরণ এবং যথাযথ কারণ ও বিধিবিধান অনুসরণ না করে শোকজ করার মাধ্যমে মানসিক হয়রানির অভিযোগও আনা হয়েছে।
স্মারকলিপিতে পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-অভিযোগ তদন্তে অভিজ্ঞ ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠন; তদন্ত চলাকালে প্রক্টরকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি; অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ; অভিযোগকারী, সাক্ষী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিরাপত্তা ও পরিচয় গোপন রাখা এবং প্রতিহিংসামূলক আচরণ ও প্রশাসনিক হয়রানি বন্ধ করা। পাশাপাশি তদন্তের অগ্রগতি ও চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের মাধ্যমে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
শিক্ষার্থীরা আরও দাবি করেছেন, তদন্ত কমিটি গঠন এবং তদন্ত শেষ করে নিরপেক্ষ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রক্টরের কার্যালয় তালাবদ্ধ রাখতে হবে।
