গোপালগঞ্জে নিষিদ্ধ আ. লীগের লগি-বৈঠার তাণ্ডব, ভাঙচুর-অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬ ১৯:২৮
ছবি: সংগৃহীত
লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেটা ও বল্লমসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরে তাণ্ডব চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় জুলাই স্মৃতিস্তম্ভ, পুলিশ বক্স ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক পরিবর্তন করে আগের নামসংবলিত ব্যানারও টাঙিয়ে দেন বিক্ষোভকারীরা। পরে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তাঁরা।
রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের মিছিল ও বিক্ষোভে শহরজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
সকাল থেকেই সদর উপজেলার লতিবপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গাবতলা মোড়ে শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খানের নেতৃত্বে একটি মিছিল বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করে।
অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সামিউল হক তনুর নেতৃত্বে এবং শহরের মিয়াবাড়ি ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে পৃথক মিছিল বের হয়। এ ছাড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লগি-বৈঠা ও দেশি অস্ত্র নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরে আসেন নেতাকর্মীরা।
মিছিলগুলো শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় সমবেত হয়। সেখানে একাত্মতা ঘোষণার পর জাতীয় পতাকা, লাঠিসোঁটা, লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেটা ও বল্লম নিয়ে দলীয় নেত্রীকে দেশে ফিরিয়ে আনার দাবিতে স্লোগান দিতে দিতে ব্যাংকপাড়ায় দলীয় কার্যালয়ে যান তাঁরা। সেখানে দীর্ঘদিন ধরে তালাবদ্ধ আওয়ামী লীগ কার্যালয় খুলে দেওয়া হয়।
এরপর বিক্ষুব্ধ নেতাকর্মীরা গোপালগঞ্জ লঞ্চঘাটে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর করেন। গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নাম মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙানো হয়। এ ছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে নির্মিত নামফলকও ভেঙে ফেলেন তাঁরা।
পরে গোপালগঞ্জ-পাটগাতী সড়কের পুরাতন লঞ্চঘাট, কলেজ ও প্রেস ক্লাবের সামনের অংশে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের সাঁজোয়া যান বা এপিসির ওপর দাঁড়িয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। পুলিশের এপিসিতেও স্লোগান লিখে দেন তাঁরা। একই সময়ে প্রেস ক্লাবের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সকাল ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশকে অবস্থান নিতে দেখা গেলেও তাদের তৎপরতা চোখে পড়েনি।
এ বিষয়ে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বললে তাঁরা বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।
