ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করেছে সরকার। নতুন জেলা প্রশাসক হিসেবে সিলেট বিভাগের হবিগঞ্জের বর্তমান ডিসি জিএম সরফরাজকে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন হবিগঞ্জের জেলা প্রশাসক জিএম সরফরাজ।
অন্যদিকে, গোপালগঞ্জের বর্তমান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। তাঁর স্থলে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, রোববার দেশি অস্ত্রশস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল ও মহড়া দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাঁদের হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন ধরনের অস্ত্র দেখা যায়। মহড়ায় অংশ নেওয়া অনেকের মাথায় হেলমেটও ছিল। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন এবং শহরের বিভিন্ন স্থানে তাণ্ডব চালান।
এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই গোপালগঞ্জের প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে এই রদবদলের সিদ্ধান্ত এলো।
