শিল্পী ও সংগ্রামী কমরেড শ্রীকান্ত দাশের ১৭তম প্রয়াণদিবস উপলক্ষে ভার্চুয়াল স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ নভেম্বর অনুষ্ঠিত এ আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক তাজুল মোহাম্মদের সঞ্চালনায় স্মরণসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং মন্ট্রিয়ল উদীচীর সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাখাওয়াত হোসেন। কানাডার মন্ট্রিয়ল, টরন্টো ও নিউইয়র্ক সময় সকাল ১০টা, যুক্তরাজ্য সময় দুপুর ৩টা এবং বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠান শুরু হয়। শুরুতে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে কমরেড শ্রীকান্ত দাশের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সঞ্চালক তাজুল মোহাম্মদ স্মৃতিচারণ করে বলেন, হাওরের যোগাযোগ উন্নয়নে উড়াল সেতুর যে চিন্তা ও বাস্তবায়ন পরবর্তী সময়ে দেখা গেছে, তার দর্শন আশির দশকেই কমরেড শ্রীকান্ত দাশের ভাবনায় ছিল। রাজনীতির পাশাপাশি তাঁর কণ্ঠও ছিল বড় হাতিয়ার। তৎকালীন নেতাদের বক্তব্যের অনেক কিছু তিনি গান ও কণ্ঠের মাধ্যমে তুলে ধরতেন। অন্যরা যখন অর্থ-বিত্তের কথা ভাবতেন, তখন তিনি ভাবতেন সমাজ পরিবর্তনের কথা।
আলোচনায় লেখক ও রবীন্দ্র গবেষক মিহিরকান্তি চৌধুরী কমরেড শ্রীকান্ত দাশকে ‘ভূমিপুত্র’ আখ্যা দিয়ে বলেন, সমাজ পরিবর্তনের প্রতি নিষ্ঠা, আত্মনিবেদন, নির্লোভ জীবনযাপন এবং নীতি-আদর্শে অবিচল থাকা নতুন প্রজন্মের জন্য অনন্য শিক্ষা।
সিলেট জেলা বারের সাবেক সভাপতি ও আইনজীবী এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন বলেন, সমাজতন্ত্র ছিল তাঁর আদর্শ। কথায়, কাগজে ও তথ্যে নয়, বাস্তব প্রয়োগের মধ্য দিয়ে তাঁর জীবন ছিল অনুকরণীয়।
অধ্যাপক ডা. সুধেন্দু বিকাশ দাস শ্রীকান্ত দাশ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটকের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন। বাম রাজনীতিক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন পাকিস্তান আমলে বাম রাজনীতি নিষিদ্ধ থাকার সময়ের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ১৯৬৮ সালে সিলেট জেলার গোপন কংগ্রেস শ্রীকান্ত দাশের বাড়িতে অনুষ্ঠিত হয়েছিল। এটি কেন্দ্রীয় নেতাদের কাছে তাঁর আস্থার প্রমাণ।
আইনজীবী ও লেখক সুব্রত দাশ বলেন, যাদের জন্য সংগ্রাম, তাদের কাছাকাছি থেকে কাজ করার ক্ষেত্রে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। কেন্দ্রীয় উদীচীর সহসভাপতি জাহাঙ্গীর আলম তাঁকে পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করেন। এ ছাড়া বক্তব্য দেন সাংস্কৃতিক কর্মী বিমান তালুকদার ও কমরেড শ্রীকান্ত দাশের ছেলে সুশান্ত দাস।
আলোচনার ফাঁকে গান পরিবেশন করেন বিমান তালুকদার, গণমাধ্যমকর্মী সন্দীপন শুভ এবং সিলেট উদীচীর শ্রমিক সন্দীপ। তাঁরা কমরেড শ্রীকান্ত দাশের জীবনবোধ ও আদর্শের সঙ্গে সংগতিপূর্ণ গান পরিবেশন করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. সৈয়দ শাখাওয়াত হোসেন সাধারণ মানুষের কাছে কমরেড শ্রীকান্ত দাশের মতো ব্যক্তিত্বের আদর্শ তুলে ধরার ওপর গুরুত্ব দেন। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার সংগ্রামে আত্মনিয়োগের আহ্বান জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন। সবশেষে শিল্পী শাহ আবদুল করিমের ‘তুমি মানুষ আমি মানুষ’ গানটি সমবেত কণ্ঠে পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
ভার্চুয়াল স্মরণসভায় আরও যুক্ত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, কবি ও লেখক নীলকান্ত দাশ, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ইফতেখারুল হক পপলু, যুক্তরাজ্যে সিপিবি ও বাংলাদেশ ওয়ার্কার্স কাউন্সিলের নেতা সলিসিটর শাহরিয়ার বিন আলী, দুরন্ত দাস, মতিয়ার মিয়া, কাজল সরকার, প্রসেনজিৎ চৌধুরী, শিমুল চন্দ্র দাস, উর্মি তালুকদার, এল্টন সরকার, রেমী তালুকদার, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র দাশ, রথীন্দ্র সরকার, দেবেশ দাস, মৃদুল চন্দ্র দাস ও জুয়েল মজুমদারসহ দেশ-বিদেশের অনেকে।
উল্লেখ্য, ১৯২৪ সালের ৫ জুলাই সুনামগঞ্জের শাল্লার আঙ্গারুয়া গ্রামে জন্মগ্রহণ করেন কমরেড শ্রীকান্ত দাশ। চল্লিশের দশকে রাজনীতি ও গণসংগীতের সঙ্গে যুক্ত হন তিনি। ১৩৫০ বঙ্গাব্দের ফাল্গুনে সুরমা উপত্যকায় অষ্টম কৃষক সম্মেলন, ১৯৪৪-৪৫ সালে নেত্রকোনায় অল ইন্ডিয়া কৃষক সম্মেলন এবং মওলানা আবদুল হামিদ খান ভাসানী আহূত কাগমারী সম্মেলনেও তিনি সম্পৃক্ত ছিলেন। ব্রিটিশবিরোধী আন্দোলনে তাঁর ‘কাউয়ায় ধান খাইলরে, খেদানোর মানুষ নাই’ গানটি ব্যাপক পরিচিতি পেয়েছিল।
