ছবি: সংগৃহীত
সারা দেশে বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তি এবং আইনসম্মতভাবে আপস-মীমাংসার মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি কমানোর দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর কোর্ট পয়েন্টে নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ইয়াসমিন চৌধুরীর দায়ের করা অর্থ ও সম্পদ আত্মসাতের মামলাসহ দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়।
দৈনিক সোনালী সিলেট পত্রিকার উপদেষ্টা মাসুদুর রহমান (মাসুদ মিয়া) সভাপতিত্বে এবং কামাল খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফখর আহমদ, জ্যেষ্ঠ সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, দৈনিক আলোকিত সকাল পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি শাহান উদ্দিন নাজু, জ্যেষ্ঠ সাংবাদিক ও আইনজীবী লিয়াকত, সাংবাদিক আশিক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সাংবাদিক শেবুল আহমদ, আশরাফ আহমদ শিপন, নওশাদ আহমদ, হারুন রশীদ, সার্জন টিভির সম্পাদক জুবের আহমদ সার্জনসহ অন্যরা।
মানববন্ধনে ভুক্তভোগীদের মধ্যে আব্দুল আলী ও রাবেয়া বেগমসহ অনেকে অংশ নেন।
বক্তারা বলেন, মামলার দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষ আর্থিক ক্ষতি ও নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। বছরের পর বছর মামলা চলতে থাকায় ভুক্তভোগীদের দুর্ভোগ বাড়ছে। তাই ইয়াসমিন চৌধুরীর মামলাসহ সারা দেশে বিচারাধীন মামলাগুলোর দ্রুত ও সুষ্ঠু নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে।
তারা বলেন, যেসব মামলা আইন অনুযায়ী আপসযোগ্য, সেগুলো দ্রুত আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তির ব্যবস্থা করা প্রয়োজন। এতে সাধারণ মানুষের হয়রানি ও আর্থিক ক্ষতি কমবে। এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন বক্তারা।
