ছবি: ইমজা নিউজ
নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের বর্ণিল আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জে উদযাপিত হয়েছে খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব সেং কুটস্নেম । খাসিয়া বর্ষপঞ্জির ১২৭তম বর্ষকে বিদায় জানিয়ে ১২৮তম বর্ষকে স্বাগত জানাতে সোমবার (২৩ নভেম্বর) মাগুরছড়া খাসিয়া পুঞ্জির সবুজ মাঠে বসেছিল বিভিন্ন বয়সী মানুষের মিলনমেলা। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নাচ, গান, লোকজ খেলাধুলা ও ঐতিহ্যবাহী মেলার মধ্য দিয়ে মুখর ছিল পুরো আয়োজন।
বাঁশের খুঁটি ও সুপারি গাছের পাতা দিয়ে তৈরি অস্থায়ী মঞ্চ, ঐতিহ্যবাহী পোশাকে নারী-পুরুষের উপস্থিতি এবং খাসিয়া ভাষার গান ও লোকজ সুরে উৎসবস্থল হয়ে ওঠে প্রাণবন্ত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খাসিয়া সম্প্রদায়ের মানুষ নিজেদের শেকড় ও সাংস্কৃতিক পরিচয়ের বন্ধন দৃঢ় করতে এ আয়োজনে অংশ নেন। তাঁদের সঙ্গে স্থানীয় বাঙালি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দেশি-বিদেশি পর্যটকদের উপস্থিতি উৎসবে যোগ করে সম্প্রীতির নতুন মাত্রা।
খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য অনুযায়ী, ‘সেং কুটস্নেম’ শব্দের অর্থ খাসি বর্ষবিদায়। উৎসবটির সঙ্গে জড়িয়ে রয়েছে খাসিয়া জনগোষ্ঠীর আত্মপরিচয় ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার ইতিহাস। ব্রিটিশ শাসনামলে ১৮৯৯ সালে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি হুমকির মুখে পড়লে সচেতন খাসি তরুণদের উদ্যোগে ২৩ নভেম্বর ‘সেং খাসি’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। ঐতিহাসিক সেই ঘটনাকে স্মরণ করেই প্রতিবছর ২৩ নভেম্বর দিনটি উদযাপন করা হয়। বাংলাদেশে ২০১১ সাল থেকে উৎসবটি আরও বড় পরিসরে পালিত হয়ে আসছে।
নতুন প্রজন্মের কাছে খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও হারিয়ে যেতে বসা লোকজ খেলাধুলার পরিচয় তুলে ধরতে দিনব্যাপী আয়োজন করা হয় নানা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে খাসিয়া ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত নারী শিল্পীরা নিজস্ব ভাষায় গান পরিবেশন ও মনোমুগ্ধকর লোকনৃত্য উপস্থাপন করেন। পাশাপাশি তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে উঠে মুঠোফোন পুরস্কার জেতার প্রতিযোগিতা, তীর-ধনুক চালনা, গুলতি নিক্ষেপ এবং খাসিয়া সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ঐতিহ্যবাহী পান গুছানোর আয়োজন ছিল বিশেষ আকর্ষণ।
উৎসবকে কেন্দ্র করে মাঠজুড়ে বসে ঐতিহ্যবাহী মেলা ও বিভিন্ন পণ্যের স্টল। এতে স্থানীয় মানুষের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদেরও ব্যাপক সমাগম ঘটে।
খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে এবং মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জির প্রধান জিডিসন সুচিয়াঙের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার, কমলগঞ্জ থানার পরিদর্শক শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান এবং যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনসহ অনেকে।
সভাপতির বক্তব্যে জিডিসন সুচিয়াং বলেন, পর্যটন জেলা মৌলভীবাজারে নানা ভাষা ও সংস্কৃতির মানুষের বসবাস। তাঁদের পারস্পরিক সহাবস্থানে জেলার সাংস্কৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ হচ্ছে। প্রতিবছর ২৩ নভেম্বর বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের এ আয়োজনের মাধ্যমে খাসিয়া জনগোষ্ঠী নিজেদের ঐতিহ্য, পোশাক, ভাষা ও সংস্কৃতি সবার সামনে তুলে ধরার সুযোগ পান।
মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে আয়োজিত ‘সেং কুটস্নেম’ তাই কেবল একটি বর্ষবিদায় উৎসব নয়; এটি খাসিয়া জনগোষ্ঠীর ইতিহাস, স্বকীয়তা, সাংস্কৃতিক অস্তিত্ব এবং প্রজন্ম থেকে প্রজন্মে ঐতিহ্যকে বহন করে নেওয়ার এক প্রাণবন্ত আয়োজন।