সিলেট নিয়ে যা বললেন নাহিদ
সিলেট লন্ডন জয় করেছে, বাংলাদেশকে জয় করেছে- নাহিদ ইসলাম
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫ ২০:০৪
ছবি: সংগৃহিত।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'আগামীর নতুন বাংলাদেশে সিলেট হবে এনসিপির অন্যতম দুর্গ। সিলেটবাসী আজ তা দেখিয়ে দিয়েছেন।'
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এনসিপির জুলাই পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় বক্তৃতার শুরুতে নাহিদ ইসলাম বলেন, 'প্রিয় সিলেটবাসী, আপনারা কি ভালো আছেন?'
তিনি বলেন, 'যুগ যুগ ধরে সিলেট বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যকে বুকে ধারণ করে রেখেছে। জুলাই গণঅভ্যুত্থান ও স্বাধীনতার সংগ্রামে সিলেট বুক চিতিয়ে লড়েছে। জনগণের মুক্তির লড়াইয়ে সিলেট সবসময় অগ্রগামী ভূমিকা রেখেছে। ১৯৪৭ সালে পূর্ববঙ্গের পক্ষে রায় দিয়ে সিলেট ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। কিন্তু তারপরও বৃটিশ শাসন, পাকিস্তানি আমল ও স্বাধীন বাংলাদেশের আওয়ামী লীগ সরকার- সবার আমলেই সিলেটবাসী বঞ্চিত হয়েছে। গ্যাস, পাথর, বালুসহ খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চল থেকে এখানকার মানুষই সবচেয়ে বেশি বঞ্চনার শিকার।'
তিনি বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানে সিলেটের অবদান অবিস্মরণীয়। এটিএম তুরাবসহ এই জেলার ১৭ জন শহিদ হয়েছেন। আমরা তাঁদের রক্তের শপথ নিয়ে নতুন বাংলাদেশ গড়তে সিলেট এসেছি।'
প্রবাসী সিলেটবাসীর কথা উল্লেখ করে এনসিপি আহ্বায়ক নাহিদ বলেন, 'লন্ডনে যেসব বাঙালি বসবাস করেন, তাঁদের অধিকাংশই সিলেটি। আপনারা যেমন লন্ডন জয় করেছেন, তেমনি জয় করেছেন এই বাংলাদেশকেও। প্রবাসীদের ঘামে বাংলাদেশের অর্থনীতি সচল থাকে। আমরা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চাই, যাতে তারা দেশের নীতিনির্ধারণে ভূমিকা রাখতে পারেন।'
তিনি আরও বলেন, 'সিলেটকে আদর্শ শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে এনসিপি কাজ করে যাবে। বিচার সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্যে আমরা রাজপথে নেমেছি। সেই সংবিধানে থাকবে জনগণের অধিকার ও সিলেটবাসীর মর্যাদা।'
নাহিদ ইসলাম বলেন, 'জুলাই অভ্যুত্থানে সিলেটের স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা যেভাবে অংশ নিয়েছিল, তা গোটা বাংলাদেশকে অনুপ্রাণিত করেছিল। সেই অভ্যুত্থানের পরই এনসিপি গঠিত হয়। এখানকার সন্তান অর্পিতা এহতেশাম জুনায়েদ ভাইসহ অনেকে এনসিপিকে শক্তিশালী করে তুলছেন। আজ সিলেটের আনাচে-কানাচে জনতার ঢল প্রমাণ করেছে- আগামী দিনে সিলেট হবে এনসিপির দুর্গ।'
সারজিস আলমের সঞ্চালনায় আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অর্পিতা দাশ, সিলেটের মুখ্য সমন্বয়ক নাজিম উদ্দিন সাহান, সিলেটের নেতৃবৃন্দ ডা. এহতেশাম, ডা. আব্দুল্লাহ এবং জুলাই অভ্যুত্থানের স্লোগান মাস্টার বাকের প্রমুখ।
সভা শেষে আগামী কর্মসূচি ও ‘জুলাই সনদ’ নিয়ে এনসিপির পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
