ছাতকে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ’
সামাজিক পরিবর্তনের প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫ ১৬:০৫
ছবি: সংগৃহিত।
সুনামগঞ্জের ছাতকে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ’ ও সচেতনতামূলক আলোচনা সভা। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় ছাতক উপজেলা শিক্ষক সমিতির মিলনায়তনে এই আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কার্যালয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, ‘বৈষম্যহীন ও টেকসই সমাজ গঠনের জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। ‘জুলাই পুনর্জাগরণ’ শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি মূল্যবোধভিত্তিক সামাজিক আন্দোলন, যা নাগরিকদের সচেতন করে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।’
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান। এতে অংশ নেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ছালেক আহমদ, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, সাধারণ সম্পাদক খালেদ আহমদ, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোশাহিদ আলী, তথ্য আপা গোলাপী বিশ্বাস, সাংস্কৃতিক কর্মী তমাল পুদ্দার, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এহসানুল মাহবুব জুবায়ের।
আলোচনায় বক্তারা সমাজ পরিবর্তনে তরুণদের ভূমিকা, নারী উন্নয়ন, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
শেষে সবাইা ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে’ শপথ গ্রহণ করেন। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
