ছবি: সংগৃহিত।
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ওপেন হার্ট সার্জারির পর বর্তমানে সুস্থ আছেন। তাকে ভেন্টিলেটর থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তিনি স্বাভাবিকভাবে কথা বলেছেন বলে জানিয়েছেন তার ছোট ভাই ও সিলেট মহানগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম।
রবিবার (৩ আগস্ট) সকালে এক ফেসবুক পোস্টে মো. ফখরুল ইসলাম জানান, ‘আমীরে জামায়াতের ভেন্টিলেটর মেশিন সকাল ৬টায় খুলে দেওয়া হয়েছে। তিনি সকালে স্যুপ খেয়েছেন এবং স্বজনদের সঙ্গে কথা বলেছেন। শরীরের সব প্যারামিটার স্বাভাবিক রয়েছে। দেশবাসী ও সহকর্মীদের প্রতি তিনি সালাম জানিয়েছেন এবং দোয়ার অনুরোধ করেছেন।’
তিনি আরও বলেন, ‘দেশ ও বিদেশে অবস্থানরত সকল ভাই-বোন যারা দোয়া করেছেন, খোঁজ-খবর নিয়েছেন, সহমর্মিতা প্রকাশ করেছেন-তাদের প্রতি পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।’
এর আগে, শনিবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। জামায়াত আমীরের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির তার অস্ত্রোপচার পরিচালনা করেন।
অপারেশন টিমের সদস্য ডা. খলিদুজ্জামান জানান, ‘বাইপাস সার্জারি সফল হয়েছে। তিনি ভালো আছেন। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে (পোস্ট অপারেটিভ ইউনিটে) রাখা হয়েছে। পর্যায়ক্রমে তার চিকিৎসার বিস্তারিত আপডেট জানানো হবে।’
গত ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত আয়োজিত জাতীয় সমাবেশে বক্তৃতাকালে দুইবার মঞ্চেই ঢলে পড়েন ডা. শফিকুর রহমান। পরে বসে বসে বক্তৃতা শেষ করেন। এরপর দুই দিনের বিশ্রামে গেলেও রংপুর, খুলনা ও মৌলভীবাজারে ধারাবাহিক দলীয় কর্মসূচিতে অংশ নেন। স্বাস্থ্য পরিস্থিতির অবনতি হলে বুধবার (৩০ জুলাই) তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষার পর তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে, যার পরিপ্রেক্ষিতে দ্রুত সার্জারির সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।
