পুলিশ কর্মকর্তার বাড়িতে ‘অপকর্ম’, উদ্বেগের কথা জানালেন শফিকুর রহমান
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ ২০:৪২
ছবি: সংগৃহীত
রাজধানীর পূর্বাচলে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের মালিকানাধীন একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ ৮৫ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে চাঁদাবাজি, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতির মতো অপরাধ বেড়ে যাওয়ার অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেন তিনি।
পোস্টে শফিকুর রহমান লেখেন, বাংলাদেশ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়ি থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। একই সঙ্গে ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
শফিকুর রহমানের ভাষ্য, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে এ ধরনের ঘটনা জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে। দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতি মারাত্মক আকার ধারণ করেছে বলেও অভিযোগ করেন তিনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস-বিদ্যুৎ সংকটের বিষয়টিও পোস্টে তুলে ধরেন জামায়াত আমির। তাঁর অভিযোগ, এসব জনদুর্ভোগ নিরসন ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত রয়েছে।
পোস্টের শেষাংশে তরুণদের আবারও জেগে ওঠার আহ্বান জানিয়ে শফিকুর রহমান লেখেন, ‘তরুণদের আরেকবার জাগতে হবে।’
