https://www.emjanews.com/

8012

sylhet

প্রকাশিত

০৩ আগস্ট ২০২৫ ১২:৫৬

আপডেট

০৩ আগস্ট ২০২৫ ১৭:৪০

সিলেট

সীমান্ত অতিক্রম করে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক

অনুপ্রবেশের অভিযোগে কুলাউড়া থানায় মামলা হয়েছে তাদের বিরুদ্ধে

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫ ১২:৫৬

ছবি: সংগৃহিত।

মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতে প্রবেশ ও ছবি তুলতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হাতে আটক হয় দুই কিশোর। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হস্তক্ষেপে তাদের ফেরত দেওয়া হলেও, অনুপ্রবেশের অভিযোগে কুলাউড়া থানায় মামলা হয়েছে তাদের বিরুদ্ধে।

শনিবার (২ আগস্ট) বিকেলে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্তের অপর পাশে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য।

আটক হওয়া দুই কিশোর হলো-কুলাউড়ার কর্মধা ইউনিয়নের কালিটি চা-বাগানের শ্রমিক সঞ্জয় শীলের ছেলে সুবর্ণ শীল (১৬) এবং রামানু নাইডুর ছেলে শুভ্র নাইডু (১৭)।

বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, ‘বিকেলে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে ওই দুই কিশোর ১৮৪৫ নম্বর সীমান্ত খুঁটি অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে এবং সেখানে দাঁড়িয়ে মোবাইলে ছবি তুলছিল। টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিজ ক্যাম্পে নিয়ে যায়।’

পরবর্তীতে স্থানীয় সূত্রে খবর পেয়ে বিজিবি ঘটনাটি নিশ্চিত করে বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করে। পরে রাত ১০টা ৪৫ মিনিটে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর অভিবাসন চেকপোস্ট (আইসিপি) দিয়ে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। হস্তান্তরের সময় কিশোরদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিজিবি কর্মকর্তা আরও জানান, ‘কিশোররা জানায়, তারা ভুলে সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়ে। বিএসএফ তাদের মারধর করেনি বা নির্যাতন চালায়নি। পরে তাদের কুলাউড়া থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘ভারতীয় সীমানা অনুপ্রবেশের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুই কিশোরকে আদালতে পাঠানো হবে।’